হাম ও টিকার সিদ্ধান্ত নিয়েও বাজি: যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য নিয়ে বেটিং প্ল্যাটফর্মে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নিউইয়র্ক সিটির ব্রুকলিন বরোর একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্মাণ বেড়ায় লাগানো একটি সাইন প্রথম দেখায় টিকার গুরুত্ব নিয়ে যেকোনো জনস্বাস্থ্য বার্তার মতোই মনে হয়েছিল। বড় নীল তারকা-খচিত পটভূমিতে বড় অক্ষরে লেখা ছিল ‘ভ্যাকসিনস’।
তবে সাইনের নিচে ছোট অক্ষরে লেখা ছিল, ‘কোনো অঙ্গরাজ্য কি টিকার বাজার বন্ধ করবে?’ সেখানে ছিল পলিমার্কেটের লোগো—একটি অনলাইন প্রেডিকশন মার্কেট, যেখানে ব্যবহারকারীরা প্রায় যেকোনো ঘটনার ফলাফল নিয়ে বাজি ধরতে পারেন, এখন জনস্বাস্থ্য নিয়েও।
পলিমার্কেটের সঙ্গে যোগ দিয়েছে কালশি নামে আরেকটি অনলাইন প্রেডিকশন মার্কেট, যারা গ্রীষ্মকাল থেকে স্বাস্থ্য-সংক্রান্ত প্রেডিকশন দেওয়া শুরু করেছে।
ব্যবহারকারীরা এখন বাজি ধরতে পারেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কবে ত্বকের ক্যানসারের টিকা অনুমোদন দেবে, কিংবা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকার সুপারিশ বদলাবে কি না, তা নিয়ে।
ওষুধের ট্রায়ালের ফলাফল ও অনুমোদন নিয়েও বাজি ধরা যায়। এমনকি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামের কতগুলো সংক্রমণ দেখা যাবে এবং দেশটি এ বছর হাম নির্মূলের মর্যাদা হারাবে কি না, তা নিয়েও বাজি চলছে।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও স্বাস্থ্যনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান ম্যাথিউ আইজেনবার্গ বলেন, ‘আমি অবাক হইনি। যাচাইযোগ্য ফলাফল আছে, এমন যেকোনো বিষয়েই কালশি ও পলিমার্কেট চুক্তি তালিকাভুক্ত করবে।’
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুয়া অধ্যয়ন কেন্দ্রের পরিচালক লিয়া নাওয়ারের মতে, নিয়ন্ত্রিত জুয়ার সঙ্গে কার্যত ‘অভিন্ন’ হলেও প্রেডিকশন মার্কেটগুলো মূলত অনিয়ন্ত্রিত। তিনি বলেন, ‘জুয়া এখন যেন ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট। সত্যিকার অর্থে সীমা নির্ধারণ করে দেওয়ার বা অঙ্গরাজ্যগুলোর জন্য ন্যূনতম নির্দেশনা দেওয়ার মতো কোনো ফেডারেল নিয়ন্ত্রক সংস্থাই নেই—তাই যেকোনো কিছুই সম্ভব।’
নাওয়ার বলেন, প্রেডিকশন মার্কেটগুলো নিজেদের ঐতিহ্যবাহী বাজির বদলে আর্থিক ডেরিভেটিভ হিসেবে উপস্থাপন করে একটি নিয়ন্ত্রণগত ফাঁক ব্যবহার করছে। ফলে তারা ফেডারেল পণ্য আইনের অধীনে পরিচালিত হয়, তদারকি করে যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন, আর অঙ্গরাজ্যগুলো তাদের জুয়া হিসেবে নিয়ন্ত্রণ করে না। বেশ কয়েকটি অঙ্গরাজ্য কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে তারা জুয়ার সাইট হিসেবেই কাজ করছে।
সমালোচকেরা বলছেন, প্রেডিকশনগুলো ওষুধ কীভাবে পরীক্ষা ও নিয়ন্ত্রণ করা হয়, তাকেও প্রভাবিত করতে পারে। ট্রায়ালে অংশগ্রহণকারীরা ইচ্ছাকৃতভাবে আচরণ বদলে ফলাফল বদলাতে পারেন; ওষুধ কোম্পানিগুলো ট্রায়ালের সময় বদলাতে পারে।
আইজেনবার্গ বলেন, এফডিএর সিদ্ধান্ত ও ট্রায়ালের শেষবিন্দু নিয়ে প্রেডিকশন ‘অপ্রকাশিত তথ্য যার কাছে আছে, তার জন্য লাভের সুযোগ তৈরি করে’—যেমন সংস্থার পর্যালোচক, ট্রায়ালের তদন্তকারী ও আইনপ্রণেতাদের কর্মীরা। তাঁর মতে, প্রেডিকশন মার্কেটগুলো সাইন-আপের সময় কর্মসংস্থান যাচাইয়ের মতো নিজস্ব সুরক্ষা রাখতে পারে, ‘তবে ঝুঁকি এটা নয় যে একজন পর্যালোচক ঘুষ নেবেন—ঝুঁকি হলো, বাজার এখন ফাঁস হওয়া তথ্যকে পুরস্কৃত করে’।
জনস্বাস্থ্য বা চিকিৎসায় সম্ভাব্য পরিণতি নিয়ে প্রশ্নের জবাব পলিমার্কেট দেয়নি। কালশি রেকর্ডে মন্তব্য করেনি, তবে মুখপাত্র ড্যানি লেভার যুক্তি দেন, ওষুধের ট্রায়াল ও অনুমোদন নিয়ে প্রেডিকশন স্বচ্ছতা বাড়াবে। তিনি এক বিবৃতিতে বলেন, কালশির ক্লিনিক্যাল ট্রায়াল মার্কেট একটি পাইলট কর্মসূচি, যার লক্ষ্য ওষুধ উন্নয়নের একটি কাঠামোগত সমস্যা: কোনো ট্রায়াল সফল হবে কি না, তা যারা সবচেয়ে ভালো জানেন, তাঁরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন এবং তাঁদের অন্তর্দৃষ্টি খুব কমই জনসাধারণের কাছে পৌঁছায়।
সমস্যাজনক জুয়া নিজেই দ্রুত বেড়ে চলা একটি জনস্বাস্থ্য উদ্বেগ। নাওয়ার বলেন, জুয়া একটি ‘বড় জনস্বাস্থ্য সমস্যা’, যা তরুণ, কৃষ্ণাঙ্গ বা হিস্পানিক এবং নিম্নআয়ের মানুষদের অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে। তাঁর সহ-রচিত নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, ১৩ থেকে ২৭ বছর বয়সী তরুণদের অর্ধেকের বেশি গত এক বছরে জুয়া খেলেছে; তরুণ জুয়াড়িদের মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশের মধ্যে কোনো না কোনো মাত্রার জুয়া-সংক্রান্ত ঝুঁকি ছিল এবং ১০ দশমিক ৩ শতাংশ সমস্যাজনক জুয়ার উচ্চ ঝুঁকিতে ছিল।
আইজেনবার্গ বলেন, ‘কার্যত এগুলো এমন জুয়ার পণ্য, যা জুয়ার ক্ষতি সীমিত করার জন্য তৈরি একমাত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে বেরিয়ে গেছে।’ নাওয়ারের ভাষায়, প্রেডিকশন মার্কেটগুলো ‘সত্যিই এমন কিছু, যা সরকারের দমন করা দরকার’। তবে ফেডারেল সরকারের এখনো এ বিষয়ে কোনো ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা নেই বলেও তিনি উল্লেখ করেন।
নিউ জার্সির মতো অঙ্গরাজ্যগুলো এই বাজারগুলো সীমিত করার দিকে এগোচ্ছে এবং উদ্বেগের মধ্যে রয়েছে ভোক্তা সুরক্ষা ও ভেতরের তথ্য দিয়ে লেনদেনের সম্ভাবনা, বলেন নাওয়ার।
তবে আইজেনবার্গ সতর্ক করে বলেন, বাজারগুলোতে জনস্বাস্থ্য-সংক্রান্ত প্রস্তাবগুলো ছোট, এবং এগুলোকে জনমতের কোনো ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়। তাঁর ভাষায়, ‘শিশুদের টিকা সূচি নিয়ে কয়েক শ ডলারের একটি চুক্তি কোনো কিছুরই পূর্বাভাস নয়।’
এক সপ্তাহের মধ্যেই ব্রুকলিনের পলিমার্কেট সাইনটি ভাঙচুর করা হয়। নিচের অংশটি, যেখানে পলিমার্কেটের লোগো ও প্রেডিকশন দেওয়ার লেখা ছিল, ছিঁড়ে ফেলা হয়।



