শান্তি আলোচনায় ন্যাটো ছাড়ার রুশ দাবির খবর প্রত্যাখ্যান ফিনল্যান্ডের, বলল ‘এটা আলোচনার বিষয়ই নয়’
ইউক্রেন শান্তি আলোচনার অংশ হিসেবে রাশিয়া ফিনল্যান্ডকে ন্যাটো ছাড়তে বলেছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে ফিনল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেছেন, জোটে ফিনল্যান্ডের সদস্যপদ আলোচনার বিষয় নয়।
ফিনল্যান্ডের সম্প্রচারমাধ্যম ইয়েলের বরাত দিয়ে শুক্রবার সাংবাদিকদের হাক্কানেন বলেন, ‘এ ধরনের বিষয় কোনোভাবেই আলোচনার বিষয় নয়। রাশিয়া তা জানে। এমন প্রস্তাব দেওয়াটাই একেবারে আপত্তিকর।’
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, এ সপ্তাহে আবুধাবিতে আলোচনার সময় রাশিয়ার একটি প্রস্তাবে ছিল—মস্কো ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড রেখে দেবে, নতুন আরও এলাকার নিয়ন্ত্রণ পাবে, ইউক্রেনের বন্দরগুলো অসামরিক করা হবে, বাল্টিক অঞ্চল থেকে ন্যাটোর ঘাঁটি সরানো হবে এবং ফিনল্যান্ড ন্যাটো ছাড়বে।
বিল্ডের খবর অনুযায়ী, এর বিনিময়ে রাশিয়া বেলারুশ থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়ার এবং সেখানে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র না বসানোর প্রস্তাব দিয়েছিল।
তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব প্রস্তাবের কোনগুলো সমর্থন করবেন, তা এখনো স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়া ফিনল্যান্ড ২০২৩ সালে ন্যাটোতে যোগ দেয়। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর দেশটির পররাষ্ট্রনীতিতে এই বড় পরিবর্তন আসে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের পর ইউরোপের জন্য আমেরিকানদের তোলা নতুন নিরাপত্তা কাঠামো ‘বিপজ্জনক হতে পারে’। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ন্যাটোর সদস্য সব সমাজের পক্ষে রাশিয়া অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে না।’
জেলেনস্কির মন্তব্য বিল্ডের খবরে ওঠা দাবিগুলোর সরাসরি জবাব ছিল না; বৃহস্পতিবার ডাবলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
জেলেনস্কি আরও বলেন, ‘ইউরোপে সীমান্ত বদলে দেওয়ার পুতিনের আকাঙ্ক্ষা একটি বাস্তবতা। আমার নিশ্চিত ধারণা, ইউরোপে নিরাপত্তা গ্যারান্টি পুনর্বিবেচনার তাঁর ধারণারই অংশ এটি। এটি বিপজ্জনক, কারণ আমার মতে ঠিক এ ধরনের বিষয়ই যুদ্ধ বা উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যায়।’
তিনি জানান, এ বিষয়টি এবারই প্রথম তোলা হয়েছে।

