সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিককে কারাগারে পাঠাল আদালত, বাদী বিএনপি নেতা

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতার রোষানলের শিকার হয়েছেন চার সাংবাদিক। শনিবার দুপুরে চাঁদাবাজির মামলায় তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া। শনিবার দুপুরে তাঁদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠায় পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই চার সাংবাদিক উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজারে স্থানীয় নজরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগের তথ্য সংগ্রহ করতে যান। এ সময় স্থানীয় এক মাতব্বর পাশের বাসায় মাদক সেবনের তথ্য জানালে সাংবাদিকেরা গাঁজা সেবনের ভিডিও ধারণ করেন।
এরপর এক মাদকসেবীর স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদ হাসানকে ফোন দেন। জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং দুই শতাধিক স্থানীয় লোকজন নিয়ে তাঁদের আটক করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে, তবে এ দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের আটক রাখা হয়; পরে গভীর রাতে পুলিশ তাঁদের সখীপুর থানায় নিয়ে আসে।
শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করেন।
মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, ‘শুনেছি সাংবাদিকেরা মাদকসেবীদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে। পরে এলাকাবাসী তাঁদের আটক করে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি মামলাটি করেছি।’ তবে মামলায় মাদকসেবীদের আসামি করা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
আদালতে নেওয়ার মুহূর্তে এনটিভি অনলাইনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের জানান, ‘মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা ম্যানেজে রাজি না হওয়ায় আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলেন। এতে ওই এলাকার স্থানীয় এক বিএনপি নেতাও জড়িত।’
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ, তিনি কেন মামলার বাদী হলেন না—এমন প্রশ্নের সদুত্তর তিনিও দিতে পারেননি।
মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।




