জোহানেসবার্গ টেস্টের আগে বাংলাদেশের ‘বিশেষ পরিকল্পনা’: ব্যাটারদের হাতেও বল

আগামীকাল (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে বিশেষ এক পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ — নেটে বোলিং করতে দেখা গেছে মুমিনুল হক ও তাওহীদ হৃদয়কে।
দুঃসময় কাটিয়ে সুসময় ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দলে। টানা চারটি ওয়ানডে সিরিজ জয়, ডারউইনে ঐতিহাসিক জয়, পাকিস্তানকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই — তবে এসবের পর আবার ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে দল। ডারউইনের জয়ের পর তিন সংস্করণ মিলে সাত ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষের এক সপ্তাহের মধ্যেই মাঠে নামতে হচ্ছে শান্ত-মেহেদী হাসান মিরাজদের। বাংলাদেশ সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল ২০২২ সালে।
টেস্ট সিরিজ শুরুর আগে নেটে বোলিং করতে দেখা গেছে মুমিনুল হক-তাওহীদ হৃদয়কে, যা অনেকের নজরে এসেছে। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মুমিনুল ভাইকে এই বার্তা কয়েক বছর আগেই দেওয়া হয়েছে যেন তিনি নেটে বোলিং করেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিংও গুরুত্বপূর্ণ।’
পরিসংখ্যান বলছে, ৮২ টেস্ট খেলে ৫৯ ইনিংসে বোলিং করে ১১ উইকেট পেয়েছেন মুমিনুল। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও তিনি বাঁ হাতের ঘূর্ণি দেখিয়েছেন, যদিও কোনো উইকেট পাননি। তবে খণ্ডকালীন বোলারদের একটা স্পেলই অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে — সেটা জানা আছে শান্তরও।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। ব্যাটাররা যেন নেটে বোলিং করি, এটাই পরিকল্পনা।’ শান্ত নিজেও টুকটাক বোলিং করেন।
কন্ডিশনের কথা চিন্তা করে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন চৌধুরীকে নিয়ে পেস আক্রমণ সাজিয়ে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন স্বীকৃত স্পিনার তাইজুল ইসলাম।
বোলিং কম্বিনেশন কেমন হবে — এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘তিন পেসার তো অবশ্যই থাকবে। এতটুকু বলতে পারি। সঙ্গে এক স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। তারপরও আরও একদিন যেহেতু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ৯ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) — মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে। তিনি এই প্রথম বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন। নাঈম শেখের দলে ফেরাটাও কম চমক নয়; ২০২২ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে নাঈমের একমাত্র ম্যাচ।
রবিন নাকি নাঈম শেখ — একাদশে কাকে খেলানো হবে, এই প্রশ্নের জবাব শান্ত দিয়েছেন একটু কৌশলে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রবিন যে শুধু ডানহাতি বলেই দলে এসেছে এমন কিছু না। পাশাপাশি সে যেভাবে পারফর্ম করেছে, তার দলে আসাটা প্রাপ্য। সঙ্গে নাঈম শেখও এসেছে। সেও ভালো করছে। দুজনই ফর্মে আছে। আমরা জানি, কাকে খেলাব। তবে এটা আমাদের মধ্যেই থাক।’
প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।




