কপ-৩১-এ প্রতিশ্রুত ৩০ মিলিয়ন ডলার জলবায়ু তহবিল দুর্নীতিমুক্তভাবে খরচের দাবি জামায়াতের
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি দাবি জানিয়েছেন, সেগুলোকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ-৩১-এ অংশ নেওয়া প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে এ তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, তা-ও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
এ সময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন। সেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন। এই থ্রি জিরো ভিশনটি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।
একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি জামায়াত আহ্বান জানিয়েছে।
মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই দায়ী না হলেও তার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপরই। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। এবং যার মধ্যে আবার বেশিরভাগই ঋণে পাওয়া তহবিল। তাই ভবিষ্যতে এই ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সকল পক্ষকে একসঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহী বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভিতরে সংবাদ সম্মেলনের জন্য আজ দুপুর দেড়টায় পূর্বনির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ তা করতে অসহযোগিতা করেছে। তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা ছিল।
এ ঘটনাকে তিনি দুঃখজনক আখ্যায়িত করে বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিল, কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাতে সহযোগিতা করলেন না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কপ-৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


