হাসিনার ফেরা নিয়ে ‘আমাদের আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের’: আইনমন্ত্রী; ১৯ নভেম্বর লকডাউনের ঘোষণা আওয়ামী লীগের

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা করণীয় ছিল, তা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়।’
শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে সরকারের অবস্থান পরিষ্কার—শেখ হাসিনা মৃত্যুদণ্ড নিয়ে পলাতক। তাঁকে দেশে ফিরতে হলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। এ জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে বাংলাদেশ।
এর মধ্যে গত শুক্রবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। প্রতিবেদনে ভারতের দুটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে—এক, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশের সামরিক বিমানে, তাঁকে ফিরিয়ে নিতে হলেও বাংলাদেশ সেনাবাহিনীকেই সেই দায়িত্ব নিতে হবে, প্রত্যাবর্তন স্থলপথে বা আকাশপথে হতে পারে; দুই, শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু হয়, সে নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এমন শর্ত দেওয়ার বাস্তবতা এখনো দেখছে না।
শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে ৯ নভেম্বর খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলে আবেদনটি পাঠানো হয়। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই ই-মেইলে শেখ হাসিনার ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।
পাসপোর্ট আবেদনের খবর প্রকাশের পর ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি আসলেই দেশে ফিরতে চান, তবে তাঁকে ভারত সরকারকে বলতে হবে সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে; তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিলের সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে।
এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে গতকাল শনিবার ছিল লিফলেট বিতরণ, দেয়াললিখন, প্রচারণা ও গণসংযোগ। তবে এ ধরনের তৎপরতার খবর পাওয়া যায়নি। এরপর মিছিল, স্মারকলিপি পেশ, কালোব্যাজ ধারণসহ আরও কর্মসূচি রয়েছে। ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
ডিসেম্বর সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করছে। এর অংশ হিসেবে ১০ নভেম্বর ধর্মঘট ডাকা হয়। সেটা বাস্তবায়িত না হলেও ১০ নভেম্বর ও এর আগে-পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটছে। অনলাইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী এসব কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ দায় স্বীকারও করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব নাশকতার পেছনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে; তাঁদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে জড়িত ব্যক্তিদের ধরার দাবিও করেছে বাহিনী।
তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদেরও পরিষ্কার ধারণা নেই। আত্মগোপনে থাকা নেতাদের একটা অংশ বলছে, বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব; এ ধরনের পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রয়োজন। কিন্তু দুই সরকারের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। নেতাদের কারও কারও আশঙ্কা, ঘোষণা দেওয়ার পর দেশে ফিরতে না পারলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা কমতে পারে; অন্যদিকে ঘোষিত কর্মসূচির কারণে দেশে থাকা নেতা-কর্মীদের নতুন করে গ্রেপ্তারের মুখে পড়তে হচ্ছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশির ভাগই এখন ভারতে, বিশেষ করে কলকাতায় অবস্থান করছেন। দলটির একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে থাকা অনেক নেতাও সাম্প্রতিক সময়ে ভারতে এসেছেন, তাঁদের কেউ কেউ এখনো সেখানে রয়েছেন। এসব নেতার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ডিসেম্বরে ফেরার ঘোষণা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের পরিষ্কার ধারণা নেই।
নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এভাবে কর্মসূচি দিয়ে দাবি আদায় কিংবা শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব হবে না। সবকিছু দেখে তাঁর মনে হচ্ছে, এসব কর্মসূচির মূল লক্ষ্য দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করা। কতটা মনোযোগ পাওয়া যাবে, তা ভবিষ্যৎ বলে দেবে। তবে এতে সরকার ক্ষুব্ধ হবে এবং দেশে থাকা নেতা-কর্মীদের বিপদ বাড়বে।




