…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

নাসা ও অ্যাপল ছেড়ে ইউটিউবার মার্ক রবার: ভিডিওতে ব্যর্থতার দৃশ্য রাখি, যাতে শিশুরা শেখে হাল না ছাড়তে

নিজস্ব প্রতিবেদক
নাসা ও অ্যাপল ছেড়ে ইউটিউবার মার্ক রবার: ভিডিওতে ব্যর্থতার দৃশ্য রাখি, যাতে শিশুরা শেখে হাল না ছাড়তে
ছবি: সংগৃহীত

নাসা ও অ্যাপলের চাকরি ছেড়ে এখন পুরোদস্তুর ইউটিউবার মার্কিন কনটেন্ট নির্মাতা মার্ক রবার। প্রকৌশলের কারিকুরি কাজে লাগিয়ে তিনি তৈরি করেন মজার সব ভিডিও। নিজের কাজ ও জীবন নিয়ে লেখা এক রচনায় তিনি বলেছেন, তাঁর ভিডিওগুলোতে তিনি সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখেন।

রবার লিখেছেন, ছোটবেলায় তাঁর মাথায় পাগলাটে, উদ্ভট সব বুদ্ধি আসত, এখনো আসে। তবে যন্ত্রপ্রকৌশলী হওয়ার সুবাদে এখন তাঁর এমন দক্ষতা আছে, যা দিয়ে সেই ভাবনাগুলো তিনি বাস্তবে রূপ দিতে পারেন। ছোটবেলায় সিঁড়ি দিয়ে ‘স্লিংকি’ নামের স্প্রিংয়ের মতো খেলনা নামাতে তাঁর খুব ভালো লাগত; বড় হয়ে তিনি এমন এক চলমান সিঁড়ি তৈরি করেছেন, যা দিয়ে স্লিংকি নামতেই থাকে।

প্রকৌশলবিদ্যাকে তিনি বলেছেন অতিমানবীয় ক্ষমতা। তাঁর ভাষায়, এর সাহায্যে শুধু ইচ্ছাশক্তি আর দক্ষতা দিয়ে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া যায়। শিশুদের তিনি এটাই দেখাতে চান—তারা যেন কৌতূহলী হয়, ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করে এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আরও বেশি করে যুক্ত হয়।

ক্যারিয়ার কোন পথে যাবে, তা নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি বলে জানিয়েছেন। বরং যে কাজগুলো তাঁকে সত্যিই আকৃষ্ট করত, সেগুলোই করে গেছেন। হাইস্কুলে পড়ার সময় তাঁর পদার্থবিজ্ঞান ক্লাস আর ভিডিও বানানো ভালো লাগত, যদিও তখন ভিডিও তৈরির ভালো সরঞ্জাম ছিল না। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো না লাগলেও বক্তব্য তৈরির কাজটা তিনি উপভোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যন্ত্রপ্রকৌশলী হিসেবে কাজ করার সময়ও রাতে আর ছুটির দিনে তিনি অ্যানিমেশন বানাতেন। শখের বশে করা সেই প্রকল্পগুলোই শেষ পর্যন্ত এমন কিছু অলংকরণে রূপ নিয়েছিল, যা নাসা তাদের মঙ্গল গ্রহে পাঠানো রোবটযানের জন্য ব্যবহার করেছিল।

নাসায় কাজ করতে গিয়ে তিনি একটি বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করার দক্ষতা অর্জন করেছেন, আর সেই দক্ষতাই এখন খেলনা তৈরির কাজে লাগে বলে জানিয়েছেন রবার।

তাঁর মতে, খেলনা তৈরি করা মহাকাশ প্রকৌশলী হওয়ার চেয়েও কঠিন। নাসায় কোনো সমস্যা দেখা দিলে সমাধানের জন্য প্রচুর অর্থ খরচের সুযোগ থাকে, কিন্তু খেলনা বানাতে হয় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে। এত সীমাবদ্ধতা মেনে মজার কিছু তৈরি করা তাঁর কাছে মঙ্গল গ্রহে রোবটযান পাঠানোর চেয়েও চ্যালেঞ্জিং।

নিজের ছেলের কথা বলতে গিয়ে রবার লিখেছেন, তাঁর ছেলের বয়স ১৯ বছর এবং সে অটিস্টিক। বছরের পর বছর রাতে তারা তার খেলনা পুতুলগুলো নিয়ে একই রুটিন মেনে চলছেন; একই কাজ বারবার করতে তার ভালো লাগে, তাই তাঁর পুরোনো কৌতুকগুলোও প্রতিদিন রাতে তাকে একই রকম হাসায়। একজন বাবা হিসেবে এর চেয়ে বেশি তিনি আর কী চাইতে পারেন, সেই প্রশ্নও রেখেছেন তিনি।

সাফল্যের সংজ্ঞা নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন তিনি। তাঁর মতে, সাফল্যের ভালো সংজ্ঞা হতে পারে—কেউ পৃথিবীটাকে যেই অবস্থায় পেয়েছিলেন, তার চেয়ে একটু ভালো অবস্থায় রেখে যেতে পারছেন কি না। প্রচলিত মানদণ্ডে ভীষণ সফল হয়েও যাঁরা পৃথিবীটাকে আগের চেয়ে ভালো অবস্থায় রেখে যাচ্ছেন না, তাঁরা তাঁর কাছে অনুপ্রেরণা নন।

ছেলে অটিস্টিক বলে তাঁরা কখনো এক ফোঁটা চোখের জলও ফেলেননি, বরং বিষয়টিকে সাদরে গ্রহণ করেছেন বলে লিখেছেন রবার। তাঁর ভাষায়, আজ কেউ এমন একটি বোতাম দিলে, যা চাপলে ছেলের অটিজম দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে তাঁকে ১০০ কোটি ডলারও দেওয়া হবে, তবু তিনি সেই বোতামের ১০০ ফুটের মধ্যেও যাবেন না।

মায়ের কথাও এসেছে তাঁর লেখায়। তাঁর মা ক্যারোলিনের অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস ছিল, যা স্নায়ুতন্ত্রের একটি গুরুতর ও বিরল রোগ। প্রায় ১৫ বছর আগে, রবারের প্রথম ইউটিউব ভিডিও তৈরির ছয় মাস আগে তিনি মারা যান। মায়ের প্রিয় একটি প্রবাদ ছিল—একটি সমাজ তখনই সুন্দর হয়ে ওঠে, যখন প্রবীণেরা এমন গাছ লাগান, যার ছায়ায় তাঁরা নিজেরা কখনো বসতে পারবেন না। রবার লিখেছেন, নিজের লাগানো গাছের ছায়ায় বসার সুযোগ মা পাননি, অথচ তাঁর জীবনে অন্য যে কারও চেয়ে মায়ের প্রভাবই সবচেয়ে বেশি।

এআইয়ের এই যুগে শিশুদের মনে কৌতূহল জাগানো এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, কারণ এখন শিশুদের পকেটে থাকা যন্ত্রেই যেকোনো প্রশ্নের উত্তর মিলবে। তাঁর চাওয়া, ভিডিও দেখার পর কোনো শিশু ঘরের চারদিকে তাকিয়ে মনে একটি প্রশ্ন জাগাক, নিজে কিছু বানাক ও পরীক্ষা-নিরীক্ষা করুক। প্রথম চেষ্টায় সফল না হলেও সে যেন চেষ্টা করে; তাঁর মতে, প্রথম চেষ্টাতেই সব ঠিকঠাক হয়ে গেলে বুঝতে হবে যথেষ্ট ঝুঁকি নেওয়া হচ্ছে না।

সেই কারণেই তিনি ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্য রাখেন। প্রতিবারই কিছু না কিছু ভুল হয়, আর শিশুদের দেখা দরকার যে তাঁর নিজের কাজও প্রথম চেষ্টায় সব সময় ঠিকঠাক হয় না—এটা পুরো প্রক্রিয়ারই অংশ। ছোটবেলায় সুপার মারিও ব্রস খেলতে গিয়ে চরিত্রটি মারা গেলে তিনি হাল ছাড়তেন না, ভুল থেকে শিখে আবার চেষ্টা করতেন; জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও এই মনোভাব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ব্যর্থতা অযোগ্যতা নয়; ব্যর্থতা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তোলে এবং আবার চেষ্টা করার সুযোগ দেয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

জুম ওয়ার্কপ্লেসে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা
প্রযুক্তি

জুম ওয়ার্কপ্লেসে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগ…

পড়াশোনা থেকে অফিসের কাজে কোন কাজে কোন এআই টুল, এক নজরে তালিকা
প্রযুক্তি

পড়াশোনা থেকে অফিসের কাজে কোন কাজে কোন এআই টুল, এক নজরে তালিকা

পড়াশোনার জটিল কোনো বিষয় বুঝতে না পারা, অফিসের প্রেজেন্টেশন বানাতে হিমশিম খাওয়া কিংবা গবেষণার জন্য তথ্য খুঁজতে অনেক সময় চলে যাওয়া—এসব কাজে এখন সাহ…

ম্যানিলায় আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটির দল ‘৪বাইট্স’
প্রযুক্তি

ম্যানিলায় আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটির দল ‘৪বাইট্স’

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০২৬ সালের ‘অ্যাপরু ডেটা, এআই অ্যান্ড পলিসি অ্যাপাক হ্যাকাথন’-এর ‘ফিন্যান্সিয়াল হেলথ ফ্রন্টিয়ার্স’ প্রতিযোগিতায় প্রথ…

আইওএসের একাধিক সংস্করণে ‘ওয়র্স কোয়েরি’ ত্রুটি, ঝুঁকিতে আইফোনের ব্যক্তিগত ফাইল
প্রযুক্তি

আইওএসের একাধিক সংস্করণে ‘ওয়র্স কোয়েরি’ ত্রুটি, ঝুঁকিতে আইফোনের ব্যক্তিগত ফাইল

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তা ত্রুটি শনাক্তের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। …