নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বার্নে শত শত পুরুষের মিছিল
সুইজারল্যান্ডের রাজধানী বার্নে নারীর প্রতি সহিংসতা ও নারীবিদ্বেষের প্রতিবাদে শত শত পুরুষ মিছিল করেছেন। শনিবার সংসদ ভবনের বাইরে অনুষ্ঠিত এই কর্মসূচির নাম ছিল ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষেরা’। আয়োজকদের বক্তব্য, এই লড়াইয়ে পুরুষদেরই আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
আয়োজকদের উদ্বেগ, কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষী মনোভাব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে, আর এর বিপরীতে অন্য পুরুষদেরই শক্ত পাল্টা বক্তব্য গড়ে তুলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের শ্রেষ্ঠত্ব ও নারীবাদের প্রতি বিদ্বেষ প্রচারকারী অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের তথাকথিত ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্ক এসব মনোভাব ছড়িয়ে দিচ্ছে।
মিছিলের সহ-আয়োজক ও ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্টেলি বলেন, ‘আমরা পুরুষেরাই সমস্যার অংশ—সমস্যাটি হলো নারী ও কুইয়ার মানুষের প্রতি সহিংসতা। তাই আমাদের অবস্থান নেওয়া জরুরি—বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; আমরা সমাধানের অংশ হতে চাই।’ গোস্টেলি ‘ম্যানার’ নামের একটি গোষ্ঠীর সঙ্গে মিলে এই মিছিলের আয়োজন করেন।
জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইস পুরুষ ও পিতাদের সংগঠনগুলোর ছাতা সংস্থা মেনকেয়ারের জুনে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকের মধ্যেই ‘সীমাবদ্ধ ও আধিপত্যভিত্তিক পুরুষত্বের ধারণা’ রয়েছে—তাঁদের উদ্বেগ, সমাজে ‘আসল পুরুষেরা’ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন।
ওই গবেষণায় সহিংসতা উসকে দেয় এমন পুরুষত্বের আদর্শ নিয়ে সমাজজুড়ে পদ্ধতিগত বিতর্কের আহ্বান জানানো হয়েছে, যার শুরুটা হতে পারে স্কুল থেকে।
সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ানস এই মাসের শুরুতে নারীদের বিরুদ্ধে সহিংস অনলাইন নির্যাতনের ঝুঁকি নিয়ে এক সম্মেলনে অংশ নেন। ২ নভেম্বরের এক বক্তৃতায় তিনি বলেন, সহিংস অপরাধের পাঁচ ভাগের চার ভাগই ঘটায় পুরুষেরা, আর ধর্ষণের ক্ষেত্রে এই হার ৯৯ শতাংশ পর্যন্ত।
ইয়ানস বলেন, ‘সব পুরুষ নয়। কিন্তু এটাও স্বীকার করতে হবে: প্রায় সবসময়ই পুরুষেরাই এসব করে। নারীর প্রতি পুরুষের সহিংসতা প্রথম আঘাত থেকে শুরু হয় না; শুরু হয় একটি অবমাননাকর মন্তব্য থেকে। আমাদের সব পুরুষেরই দায়িত্ব আছে।’



