১৯৮০-র যন্ত্রে চলছে বিশ্বের ব্যস্ততম আকাশ: মার্কিন বিমান-ব্যবস্থার আধুনিকায়নে চাই ৫ হাজার কোটি ডলার

বিশ্বের সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করে যুক্তরাষ্ট্র, অথচ দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো চলছে ১৯৮০-র দশকের কম্পিউটার যন্ত্রপাতিতে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি হালনাগাদে কিছু বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীর চেয়েও পিছিয়ে পড়েছে এই ব্যবস্থা, আর তা বারবার ব্যর্থতার ঝুঁকিতে থাকে।
বৈপরীত্যটি বোঝাতে একটি উদাহরণই যথেষ্ট। বিমান নিয়ন্ত্রণ টাওয়ারে কাগজের ফ্লাইট স্ট্রিপের বদলে ইলেকট্রনিক স্ট্রিপ চালু করতে কানাডার সময় লেগেছে মাত্র দুই বছর—যাতে একটার পর একটা বিলম্ব এড়ানো যায়। যুক্তরাষ্ট্রে একই প্রকল্প চলছে চার দশকের বেশি সময় ধরে, এখনো শেষ হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মূল পার্থক্যটি অর্থায়নের ধরনে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) গুরুত্বপূর্ণ আধুনিকায়নের অর্থের জন্য কংগ্রেসের ওপর নির্ভর করতে হয়। অন্যদিকে অন্য দেশগুলো তাদের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে—ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের মতো জায়গায় ব্যবস্থার উন্নয়নে আরও বেশি ও ধারাবাহিকভাবে অর্থ বিনিয়োগ করা গেছে। এই দুই অঞ্চলকেই বিমান ব্যবস্থাপনার সাফল্যের উদাহরণ হিসেবে দেখা হয়।
শুক্রবার এফএএর জারি করা দেশজোড়া গ্রাউন্ড স্টপ যুক্তরাষ্ট্রের বয়সী অবকাঠামোর দুরবস্থাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন, এই ব্যবস্থার জরুরি আধুনিকায়ন দরকার; সমালোচকদের মতে, এটি দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অর্থায়ন থেকে বঞ্চিত।
দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের যোগাযোগ চলছে অ্যানালগ তামার তার, ফ্লপি ডিস্ক আর এত পুরনো বর্ণানুক্রমিক কিবোর্ডের ওপর ভর করে যে এফএএর জন্য সেগুলোর খুচরা যন্ত্রাংশ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।
বিভ্রাটের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি এসব উদ্বেগেরই প্রতিধ্বনি করেন। তিনি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অতীতে আটকে থাকা বলে বর্ণনা করেন এবং এর উন্নয়নে কংগ্রেসের কাছে ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার দাবি করেন।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিমান ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জন গ্র্যাডেক বলেন, ‘কানাডা ও ইউরোপীয় ইউনিয়নকে সরকারি কোষাগার নিয়ে চিন্তা করতে হয় না। তারা নিজেদের ভাগ্যের নিজেরাই নিয়ন্তা।’



