…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

একই টেস্টে অভিষেক টেন্ডুলকার ও ওয়াকারের, চার টেস্টেই শেষ হলো তাঁদের দ্বৈরথ

নিজস্ব প্রতিবেদক
একই টেস্টে অভিষেক টেন্ডুলকার ও ওয়াকারের, চার টেস্টেই শেষ হলো তাঁদের দ্বৈরথ
ছবি: সংগৃহীত

৩৭ বছর আগে এই দিনে একই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছিল আধুনিক ক্রিকেটের দুই গ্রেটের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনিস। সেই সিরিজে দুজন মুখোমুখি হয়েছিলেন দুই টেস্টে। এরপর তাঁদের টেস্ট দ্বৈরথের গল্প থেমে গেছে মাত্র চার টেস্টে—যা হয়ে আছে ক্রিকেটের বড় এক আক্ষেপ।

প্রতিবছর ১৫ নভেম্বর দিনটি এলেই ভারতীয় সংবাদমাধ্যম মনে করিয়ে দেয়, এত বছর আগে এই দিনে শচীন টেন্ডুলকারের টেস্ট অভিষেক হয়েছিল। সঙ্গে পাদটীকার মতো আরেকটা তথ্যও থাকে—একই দিনে টেস্ট অভিষেক আধুনিক ক্রিকেটের আরেক ‘গ্রেট’ ওয়াকার ইউনিসের।

দুজনের টেস্ট অভিষেক শুধু একই দিনে নয়, একই টেস্টে। করাচি টেস্ট শুরুর দিন টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন, ওয়াকারের ১৭ বছর ৩৬৪ দিন। দুজনই তখন টিনএজার, আর অভিষেকে ব্যাটসম্যান-বোলার হিসেবে সরাসরি প্রতিপক্ষও।

সেই লড়াইয়ে জয়ীর নাম ওয়াকার ইউনিস। টেস্টে প্রথম ব্যাটিং করতে নেমে চোখেমুখে কেমন আঁধার দেখেছিলেন, তা টেন্ডুলকার নিজেই অনেকবার বলেছেন। ২৪ বছর পর যাঁর ক্যারিয়ার শেষ হবে টেস্ট খেলার ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়ে, তাঁর মনে হয়েছিল, জীবনের প্রথম টেস্টটাই না শেষ টেস্ট হয়ে যায়।

সেই যন্ত্রণা থেকে টেন্ডুলকারকে মুক্তি দিয়েছিলেন ওয়াকার। খুব দ্রুতই ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে ওঠা ইনসুইঙ্গারে টেন্ডুলকারকে বোল্ড করেন তিনি। ২৪ বলে ১৫ রানের ইনিংসেও অবশ্য টেন্ডুলকারের অন ড্রাইভে দুটি চার ছিল।

টেস্ট অভিষেক একই সঙ্গে হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় ধরলে ওয়াকার মাসখানেকের সিনিয়র। বাবার কর্মসূত্রে শারজায় কৈশোরের অনেকটা সময় কেটেছে তাঁর, সেখানেই ওয়ানডে অভিষেক হয়েছে। সেখানে এমন গতির ঝড় তুলেছিলেন যে আম্পায়ার ডিকি বার্ড তাঁকে বিশ্বের দ্রুততম বোলারের স্বীকৃতি দিয়েছিলেন। সেই টুর্নামেন্টেরই এক দল ওয়েস্ট ইন্ডিজে তখন খেলছেন ম্যালকম মার্শাল, ইয়ান বিশপ, কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ।

টেস্ট অভিষেকের আগে ওয়াকারের ৮টি ওয়ানডে খেলা হয়ে গেছে। শারজার ওই টুর্নামেন্টের পর নেহরু কাপ খেলতে তিনি ভারতও ঘুরে এসেছেন। তবে এক্সপ্রেস ফাস্ট বোলারদের ছায়াসঙ্গী ইনজুরিও উঁকি দিতে শুরু করেছিল। টেস্ট অভিষেকের পর সেই সিরিজের পরের দুই টেস্টে দর্শক হয়ে থাকতে হয়েছে তাঁকে।

টেন্ডুলকার সেই দুটি টেস্টেই খেলেছেন এবং দ্বিতীয় টেস্টে প্রথম হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন। টেন্ডুলকারের সঙ্গে ওয়াকারের আবার দেখা হয় শিয়ালকোটে সিরিজের শেষ টেস্টে। প্রথম তিন টেস্ট ড্র হওয়ায় নিজেদের পেস আক্রমণকে কাজে লাগাতে পাকিস্তান সেখানে তৈরি করেছিল ঘাসে ঢাকা সবুজ উইকেট।

শিয়ালকোটেই লেখা হয় টেন্ডুলকারের গল্পের প্রথম অধ্যায়, যাতে আছেন ওয়াকারও। তাঁর বাউন্সার টেন্ডুলকারের নাকে লেগে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলে। সেই রক্ত মুছে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন টেন্ডুলকার এবং পরের বলটিতেই মারেন বাউন্ডারি।

ওয়াকারও বুঝে গিয়েছিলেন, প্রথম দর্শনে যাঁকে মোটেই ‘বিশেষ কিছু’ মনে হয়নি, সেই ব্যাটসম্যান অন্য ধাতুতে গড়া। ভবিষ্যতে আরও অনেকবারই তাঁর সঙ্গে লড়াইয়ে নামতে হবে। কিন্তু কে ভেবেছিল, টেস্ট ম্যাচে দুজনের আবার দেখা হবে ১০ বছর পর!

আক্ষেপটা এখানেই। ফর্মের তুঙ্গে থাকা টেন্ডুলকার বনাম দুই ডব্লু—ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস—যে লড়াই দেখার কথা ছিল, ওই সিরিজের পর দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ায় তা আসলে কখনো দেখাই হয়নি। টেন্ডুলকারের ব্যাটে যখন রানের ফল্গুধারা বইছে, একই সময়ে রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানদের কাঁপাচ্ছেন দুই ডব্লু; কিন্তু টেস্ট ক্রিকেটে তাঁদের দেখাই হচ্ছে না।

আবার যখন তা হলো, ১৯৯৯ সালের সেই ভারত সফরে টেন্ডুলকার তখনো দীপ্তিমান, কিন্তু ওয়াকারের ক্যারিয়ার-সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে। দিনের পর দিন গতির ঝড় তোলার ধকল নিতে নিতে ক্লান্ত শরীরের ছাপ পড়ছিল তাঁর বোলিংয়েও। সেই সফরে প্রথম দুই টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ার পর তৃতীয় টেস্টে দল থেকেই বাদ পড়ে যান ওয়াকার।

শিয়ালকোটের পর চেন্নাইয়ে আবার যখন দুজনের দেখা হয়েছে টেস্টে, তত দিনে ওয়াকার আরও ৫৩টি টেস্ট খেলে ফেলেছেন, টেন্ডুলকার খেলেছেন ৬৪টি। ৫৫ টেস্টে ২১.৫৭ গড়ে ২৭৫ উইকেট ওয়াকারকে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের দলে জায়গা করে দিয়েছে। ৬৪ টেস্টে ৫৪.৭৭ গড়ে ৪৮২০ রান টেন্ডুলকারকেও তুলে দিয়েছে অমরত্বের পথে।

ওয়ানডেতে অবশ্য দুজনের দেখা হয়েছে বেশি। ২৩টি ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ দলে টেন্ডুলকারকে পেয়েছেন ওয়াকার, আউট করেছেন চারবার।

কিন্তু টেস্টের হিসাবটা থেমে আছে মাত্র চারটিতে—১৯৮৯ সালে দুই টেস্টের পর ১৯৯৯ সালেও দুই টেস্ট। একই সঙ্গে শুরু করে সমান্তরালভাবে এগিয়ে চলা দুই গ্রেটের টেস্ট ক্যারিয়ার পরস্পরকে ছেদ করেছে কেবল এই কয়েকবারই।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ম্যাচের প্রথম বলেই ফিরলেন রবিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলাম রবিনে…

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক রবিনের
খেলা

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক রবিনের

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হো…

জাপানের কাছে হারের পর আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, ‘ব্যাগ গুছিয়ে বিদায় নাও’
খেলা

জাপানের কাছে হারের পর আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, ‘ব্যাগ গুছিয়ে বিদায় নাও’

সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বক…

চতুর্থ রাউন্ডে নুনেসকে হারিয়ে ইউএফসি খেতাব ধরে রাখলেন কায়লা হ্যারিসন
খেলা

চতুর্থ রাউন্ডে নুনেসকে হারিয়ে ইউএফসি খেতাব ধরে রাখলেন কায়লা হ্যারিসন

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শনিবার রাতে ইউএফসি ব্যান্টামওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন কায়লা হ্যারিসন। চতুর্থ রাউন্ডে সাবমিশনে তিনি হারিয়েছেন আমান্ড…