…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

তেল পাচারের অভিযোগে ইরাকে ৯ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী আল-জাইদি

নিজস্ব প্রতিবেদক

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি তেল পাচারের অভিযোগে নয়জন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ঘটনাটি ঘটেছে বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায়, যেটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) জানান, জুরফ আল-নাসরে পাচার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী আল-জাইদি একটি জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। সেই তদন্তেই অবৈধ তেল শোধনাগার ও পাচারের সঙ্গে জড়িত কারসাজির প্রমাণ মিলেছে।

আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তেল পাচারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে নয়জন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশও তিনি দিয়েছেন।

বরখাস্ত হওয়াদের মধ্যে আছেন বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালক। বাবিল প্রদেশের পুলিশ প্রধানও বরখাস্ত হয়েছেন।

কাতাইব হিজবুল্লাহ ইরান-ঘনিষ্ঠ একটি আধা সামরিক গোষ্ঠী এবং ইরাকের সবচেয়ে ভারী অস্ত্রধারী গোষ্ঠীগুলোর একটি। সাম্প্রতি গোষ্ঠীটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি তীব্র বিবৃতি দিয়েছে, তাঁর সরকারকে হুমকি দিয়েছে এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে।

জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিকেরা এর আগে এএফপি বার্তা সংস্থাকে বলেছিলেন, অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানো গোষ্ঠীগুলোর মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে আল-জাইদি বারবার জানিয়ে এসেছেন।

বাগদাদ থেকে আল জাজিরার প্রতিবেদক পিটার স্মিথ বলেন, আগের ইরাকি সরকারগুলো মাসে তিন কোটি ডলার পর্যন্ত মূল্যের কথিত তেল পাচার চক্রের বিষয়টি নিয়ে সতর্ক ছিল এবং এতে হাত দিতে চায়নি। তাঁর ভাষায়, ওই এলাকা এত দিন কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো চলছিল।

স্মিথ ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, বাগদাদের ঠিক দক্ষিণ দিয়ে যাওয়া দেশের দক্ষিণাঞ্চলের দুটি কৌশলগত তেল পাইপলাইনে ছিদ্র করে তেল সরানো হচ্ছিল। সেই তেল চুরি করে প্রতি মাসে কয়েক কোটি ডলারে কালোবাজারে বিক্রি করা হচ্ছিল।

বুধবার আইএনএ জানিয়েছিল, স্যাটেলাইট ছবিসহ গোয়েন্দা নথিতে জুরফ আল-নাসরে একটি সশস্ত্র গোষ্ঠীর অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পাচারের চিত্র দেখা গেছে। নথিতে নাম উল্লেখ না করা ওই গোষ্ঠীর বিরুদ্ধে সেখানে পাইপলাইনে ছিদ্র করার অভিযোগ আনা হয়। আল-নুমান বলেন, তদন্ত কমিটি সেই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

অ্যাটলান্টিক কাউন্সিলের ইরাক ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো আকিল আব্বাস আল জাজিরাকে বলেন, ইরাকে বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর তেল পাচার সাধারণ ঘটনা, এবং এর পেছনে রাজনৈতিক বা কৌশলগত কারণের চেয়ে বাণিজ্যিক লাভই বড়।

আব্বাসের মতে, এবারের অভিযানের সঙ্গে আসল সম্পর্ক মিলিশিয়া নিরস্ত্রীকরণের। তাঁর ভাষায়, প্রধানমন্ত্রী কৌশলে বিষয়টিকে দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে তুলে ধরেছেন, আর সে কারণেই কয়েক দিন আগে সরকারের পক্ষ থেকে এই অভিযান নিয়ে একটি প্রতিবেদন ফাঁস করা হয়।

আব্বাস আরও বলেন, নিরস্ত্রীকরণ উদ্যোগের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলা এই গোষ্ঠীটির আর্থিক জীবনরেখা কেটে দিতেই প্রধানমন্ত্রী চাইছেন বলে তিনি মনে করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ম্যানিলা সম্মেলনে দক্ষিণ চীন সাগর আচরণবিধি চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকেরা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আচরণবিধি চুক্তি এই সপ্তাহে ম্যানিলায় জোটের বার্…

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় হামলায় নয়জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসির রায়

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলা চালানোর দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে চালানো…

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য
আন্তর্জাতিক

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভ…

আন্তর্জাতিক

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন: জ্বালানি সংকট, দক্ষিণ চীন সাগর ও শুল্কযুদ্ধ এজেন্ডায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যুক…