পেরুর আন্দিজের গ্রামে পোপ লিও, বললেন অভিবাসনে খালি হচ্ছে জনপদ

নিজের সাবেক ডায়োসিসের প্রত্যন্ত আন্দিজ গ্রাম সান্তা ক্রুজ দে সুক্কাবাম্বা সফরে গিয়ে পোপ লিও চতুর্দশ বলেছেন, ভালো ভবিষ্যতের খোঁজে জন্মভূমি ছাড়তে বাধ্য হওয়া মানুষের ‘কষ্ট’ জনপদগুলোকে হুমকির মুখে ফেলেছে। উত্তর পেরুর আন্দিজ পর্বতমালার প্রত্যন্ত এলাকার এই গ্রামে প্রায় ৬ হাজার মানুষের বাস হলেও ভ্যাটিকানের হিসাবে পোপের সফরে সেখানে জড়ো হন প্রায় ২০ হাজার মানুষ।
খোলা মাঠে এক প্রার্থনা সভায় (মাস) পোপ লিও ‘জন্মহার কমে গ্রাম খালি হয়ে যাওয়ার’ কথা এবং ভূমির সম্পদের অসম বণ্টনের কথা তুলে ধরেন।
গ্রামটি যে কাজামার্কা অঞ্চলে অবস্থিত, সেখানে সরকারি তথ্য অনুযায়ী জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করেন—যা পেরুতে সর্বোচ্চ। কাজামার্কা অভ্যন্তরীণ অভিবাসনে সবচেয়ে বেশি মানুষ হারিয়েছে; সেখানে জন্ম নেওয়া ৭ লাখ ২৯ হাজার মানুষ এখন পেরুর অন্যত্র বাস করছেন।
ধর্মোপদেশে পোপ লিও তাঁর কাছে আসা মানুষদের ধন্যবাদ জানান এবং জীবনের কঠিন সময়েও হতাশ না হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।
সান্তা ক্রুজ চিক্লায়ো ডায়োসিসের অন্তর্গত, যেখানে পোপ লিও ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশপ ছিলেন। ওই সময়ে তিনি গ্রামীণ জনগোষ্ঠীর সেবায় বছরে কয়েকবার সান্তা ক্রুজে যেতেন।
শনিবার তিনি হেলিকপ্টারে করে ফেরেন সেখানে; গান ও উল্লাসে তাঁকে স্বাগত জানানো হয়। পরে তিনি পোপমোবিলে চড়ে এলাকা ঘুরে দেখেন এবং অঞ্চলজুড়ে থেকে আসা মানুষের উদ্দেশে হাত নাড়েন।
শনিবার স্থানীয় একটি প্যারিশে বক্তব্য দিয়ে পোপ বলেন, এই ছোট শহরে আবার আসতে পেরে তিনি ‘আনন্দ’ অনুভব করছেন। তিনি বলেন, ‘এটা যেন অনেক বড় এক স্বপ্ন, প্রভু এই সেবককে এখানে আসতে দিয়েছেন।’
২০১৮ সালে তৎকালীন বিশপের হাতে অভিষিক্ত রেভারেন্ড কেভিন নোরিয়েগা রয়টার্সকে বলেন, এই সফর সান্তা ক্রুজে ‘বিশাল আশা ও আবেগ’ এনেছে। তিনি বলেন, মানুষ এই প্রার্থনা সভায় অংশ নিতে উদ্গ্রীব, কারণ এত দিন পর তারা তাদের বিশপকে—যাঁকে তারা ‘ফাদার রবার্ট’ বলে ডাকতেন—এবার পোপ হিসেবে দেখতে পাবেন।
পেরু সফরটি ক্যাথলিক চার্চের প্রধানের প্রথম লাতিন আমেরিকা সফরের সবচেয়ে দীর্ঘ অংশ। ২০২৫ সালের মে মাসে নির্বাচিত পোপের ১২ দিনের এই সফরে আর্জেন্টিনা ও উরুগুয়েতেও যাত্রাবিরতি ছিল, তবে পেরুতে তাঁর সময়টি ব্যক্তিগতভাবে তাৎপর্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ ১৯৮৫ থেকে ২০২৩ সালের মধ্যে দীর্ঘ সময় পেরুতে বাস করেছেন এবং ২০১৫ সালে দেশটির নাগরিকত্বও নেন, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে গড়ে ওঠে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক।
রোববার চিক্লায়ো ছেড়ে কুসকো যাওয়ার কথা রয়েছে পোপের, এরপর তিনি যাবেন আমাজন বৃষ্টিবনের পেরু অংশে। সোমবার এই অঞ্চল সফর শেষ করে তিনি রোমে ফিরবেন।


