খোলা মাইকে ধরা পড়া মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

তুরস্কে জাতিসংঘের জলবায়ু আলোচনায় খোলা মাইকে (হট-মাইক) ধরা পড়া ব্যক্তিগত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। রোববার ফিলিপাইনে অস্ট্রেলীয় যুদ্ধজাহাজ এইচএমএএস স্টলওয়ার্ট পরিদর্শনের সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত এবং ক্ষমা চাইছেন।
শুক্রবার আন্তালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনের এক বৈঠকের আগে আলবানিজ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ক্রিস বোয়েন ক্যামেরায় ধরা পড়েন। তাঁরা আলোচনা করছিলেন, মোবাইল ফোন কোন পকেটে রাখেন তাঁরা।
আলোচনায় আলবানিজকে বোয়েনকে বলতে শোনা যায়, ফোন হৃদ্যন্ত্র থেকে দূরে রাখা উচিত, কারণ এটি হৃদ্স্পন্দনের ছন্দে বিঘ্ন ঘটাতে পারে। হেসে বোয়েন জানতে চান, ফোন কিছুটা তেজস্ক্রিয় বলেই কি এই পরামর্শ। আলবানিজ বলেন, এটি পুরোপুরি যুক্তিসংগত। এরপর বোয়েন বলেন, তিনি বরং ফোন প্যান্টের পকেটে রাখার বিষয়ে বেশি সচেতন। জবাবে প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত অঙ্গের উল্লেখ করে মন্তব্য করেন, বোয়েনও তাতে সম্মতি জানান এবং বলেন, সেটি যুক্তিযুক্তভাবে হৃদ্যন্ত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
রোববার ঘটনাটি হালকাভাবে নেওয়ার চেষ্টা করেন আলবানিজ। তিনি বলেন, এটি ছিল দুই বন্ধুর মধ্যে হালকা মেজাজের খুনসুটি বলে তাঁদের ধারণা ছিল—একটি ব্যক্তিগত কথোপকথন। তাঁর ভাষ্যে, কেউ আঘাত পাননি বা কারও ক্ষতি হয়নি, এবং তাঁদের ব্যক্তিগত আলোচনায় কারও সমালোচনাও ছিল না।
এর আগে প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেছিলেন, হট-মাইকের মন্তব্যগুলো ছিল বৈঠকের ফাঁকের একটি রসিকতা। আন্তালিয়ায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের আগেই ঘটনাটি ঘটে।
রোববার এই মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী কোয়ালিশন। বিরোধী ফ্রন্টবেঞ্চার জেমস প্যাটারসন নিউজ২৪-কে বলেছেন, মন্তব্যগুলো দুর্ভাগ্যজনক এবং এ ধরনের আলাপ বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া সম্পর্কে ধারণার ক্ষতি করতে পারে। তাঁর ভাষ্যে, এ ধরনের কথার একটি সময় ও জায়গা আছে, কিন্তু আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলাপের সময় তা নয়।
তবে কর্মসংস্থানমন্ত্রী আমান্ডা রিশওয়ার্থ সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছেন, মন্তব্যগুলো ছিল একটি রসিকতা। তাঁর ভাষ্যে, এটি বৈঠকের ফাঁকের একটি ব্যক্তিগত কথোপকথন, এবং হট-মাইক ঘটনা নিয়ে উত্তেজনা থাকলেও আলোচনার জন্য আরও বড় বিষয় রয়েছে।
এই ক্ষমা চাওয়ার ধরনটি আলবানিজের আগের বিতর্কগুলোর চেয়ে ভিন্ন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উপহার দেওয়া তরমুজ নিয়ে একটি পডকাস্টে করা মন্তব্য নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলেছে। আলবানিজ বারবার বলেছেন, ওই মন্তব্য ও হাতের ইশারা স্তনের প্রতি কোনো ইঙ্গিত ছিল না। পডকাস্টটি মূলত প্রচারিত হওয়ার কয়েক দিন পর জুলাইয়ে জাপান সরকার অস্ট্রেলিয়াকে একটি কূটনৈতিক বার্তা পাঠায়; তাতে অস্ট্রেলীয় গণমাধ্যমের 'চাঞ্চল্যকর প্রতিবেদন'-এর কথা উল্লেখ করে বলা হয়, আলবানিজের বক্তব্যে কোনো 'খারাপ উদ্দেশ্য' তারা দেখেনি।
একই পডকাস্ট পর্বে অস্ট্রেলীয় গায়িকা কাইলি মিনোগকে নিয়ে করা একটি মন্তব্যের জন্যও আলবানিজ এর আগে ক্ষমা চেয়েছিলেন। তিনি বর্তমানে ফিলিপাইনে রয়েছেন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলন ও উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের জন্য, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক রয়েছে।


