নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডে মুখোশধারী ডার্ট বাইক আরোহীদের এসইউভিতে হামলা, গ্রেপ্তারের হুঁশিয়ারি পুলিশের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টেটেন আইল্যান্ডে মুখোশধারী ডার্ট বাইক আরোহীদের একটি দল একটি এসইউভি ঘিরে ধরে হামলা চালিয়েছে। ব্যস্ত সড়কে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তার আসন্ন।
ঘটনাটি ঘটেছে বুধবার স্টেটেন আইল্যান্ডের বুলস হেড এলাকার রিচমন্ড অ্যাভিনিউতে। ভিডিওতে দেখা গেছে, ট্রাফিক সিগন্যালে থামা একটি সাদা এসইউভিকে ঘিরে ধরেছেন কয়েকজন মুখোশধারী আরোহী। তাঁদের কয়েকজন গাড়িটিতে লাথি ও আঘাত করছিলেন, আরেকজন গাড়িটির দিকে কিছু একটা ছুড়ে মারেন বলে দেখা গেছে।
চালক গাড়ি নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে এসইউভিটি সামনে দাঁড় করিয়ে রাখা একটি ডার্ট বাইকের ওপর দিয়ে চলে যায় বলে ভিডিওতে দেখা গেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডির সহকারী প্রধান জন বুট্টাকাভোলি জড়িতদের সতর্ক করে বলেন, পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং সন্দেহভাজনদের শনাক্তের কাজ চলছে। তাঁর ভাষায়, ‘আমরা জানি তোমরা কারা, খুব শিগগিরই তোমাদের দরজায় কড়া নাড়া হবে।’
বুট্টাকাভোলি বলেন, এই আচরণ জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগের বিষয় থেকে বেড়ে এখন অপরাধমূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। তিনি বলেন, ‘এখানেই এটি থামবে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
স্টেটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ম্যাকমাহনও আরোহীদের নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, তাঁরা গাড়িচালকদের ভয় দেখাচ্ছেন এবং নিরীহ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। ম্যাকমাহন বলেন, এই আচরণ ‘একেবারেই ক্ষোভজনক’, এবং কর্মকর্তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী কেউ গুরুতর আহত হননি।
স্টেটেন আইল্যান্ডের বরো প্রেসিডেন্ট ভিতো ফসেলা বলেন, বুধবারের ঘটনাটি মোটরচালিত বাইক নিয়ে বিপজ্জনক আচরণের একটি বড় ধরনের ধারাবাহিকতার অংশ। চালকেরা নিজেদের দৈনন্দিন কাজে যাওয়ার সময় আরোহীরা তাঁদের আতঙ্কিত করছেন বলে তিনি মন্তব্য করেন।
ফসেলা অভিভাবকদেরও সতর্ক করে বলেন, তাঁদের সন্তানেরা নিরীহ গাড়িচালকদের ঝুঁকিতে ফেলছে। তাঁর ভাষায়, ‘যথেষ্ট হয়েছে। এই খেলা শেষ।’



