ঐক্য সরকারের প্রস্তাব আবার দিলেন নেতানিয়াহু, মিনিটের মধ্যে ‘কৌশল’ বলে উড়িয়ে দিলেন আইজেনকট
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে বিরোধী নেতা গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট কয়েক মিনিটের মধ্যেই এই আহ্বানকে ‘কৌশল’ বলে প্রত্যাখ্যান করেছেন।
শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠন যে অত্যন্ত জরুরি, সে বিষয়ে তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। নেতানিয়াহু বলেছেন, এ ধরনের সরকার গঠিত হলে ‘ইরানের হুমকি চিরতরে নির্মূল’ করা সম্ভব হবে। তাঁর দাবি, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। তিনি বলেন, ‘চলুন, কোনো পূর্বশর্ত ছাড়াই একটি কক্ষে বসে আলোচনা করি।’
কয়েক মিনিটের মধ্যেই নেতানিয়াহুর আহ্বান প্রত্যাখ্যান করেন আইজেনকট। ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধান বলেন, নেতানিয়াহু জানেন তিনি নির্বাচনে হেরে গেছেন। তাঁর ভাষ্য, ‘আলোচনা যখন ইতিমধ্যে চলছে, তখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। এসব কৌশল আমার উপর কাজ করবে না।’
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩ আসন। আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮ আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯ আসন।
গত সপ্তাহে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যসহ ৬৭ জন আইনপ্রণেতা তাঁকে সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন। সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন, প্রয়োজনে তা আরও ১৪ দিন বাড়ানো যাবে। তবে তাঁর সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন আইজেনকট।
আইজেনকটের পরিকল্পনা অনুযায়ী, সংখ্যালঘু ‘জাতীয় জরুরি সরকার’ গঠন করা হবে। এতে তাঁর জোটের ৪৮ জন আইনপ্রণেতা সরকারের পক্ষে ভোট দেবেন, নেতানিয়াহুর ৪৬ সমর্থক ভোট দেবেন বিপক্ষে, আর আরব ও কট্টর অর্থোডক্স দলগুলোর ২৬ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠন সম্ভব হবে। তবে এ ধরনের সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থি ও ডানপন্থি ইহুদি দলগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, তবে আরব দলগুলোকে বাইরে রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। নেতানিয়াহু ও তাঁর মিত্ররা কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় ছিনিয়ে নিয়েছে। শুক্রবার নেতানিয়াহুর এই প্রচারকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন আইজেনকট।
আইজেনকট জানিয়েছেন, জাতীয় ঐক্যের বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি আন্তরিক হলে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টির সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত। তবে ‘চরমপন্থিদের সঙ্গে সম্পর্ক ছেদের’ উপর জোর দিয়েছেন তিনি, বিশেষ করে কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে না রাখার পক্ষে তিনি।
আগামী মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এই পদে রয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানা। তাঁর পরিবর্তে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দলগুলো।

