ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার: ‘ট্যুরিস্ট’ বদলে ‘ভিজিটর’, ক্যাটাগরি ১৩ থেকে কমে ৯
ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের কলাম বা ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমে আসে।
নতুন কাঠামোতে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ — এই নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত। এর ফলে আবেদনকারীদের তথ্য দেওয়ার ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে প্রত্যাশা করছে ভারত সরকার।
নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়। আগের ‘ট্যুরিস্ট ভিসা’ বদলে এর নাম রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় শুধু ভ্রমণই নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। একাধিকবার ভারতে প্রবেশের সুবিধাসহ ভি-১ ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। অন্যদিকে আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা সাপেক্ষে ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর হতে পারে, যা দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে ইচ্ছুক বিদেশি নাগরিক ও তাঁদের সহকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নতুন নিয়মে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে; এগুলোর মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
রোগীর সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্য সাধারণ চিকিৎসায় এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা বরাদ্দ থাকছে। এতে রোগী ও তাঁদের সহায়তাকারীদের বারবার নতুন করে ভিসা আবেদনের প্রয়োজনীয়তা কমবে।
শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। স্কুল পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা পাবেন ই-এস১ ভিসা। একাধিকবার প্রবেশের সুযোগসহ এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদকাল পর্যন্ত হতে পারে।
ব্যবসায়িক ভিসাকেও দুটি শ্রেণিতে ভাগ করে বি-১ ও বি-২ চালু করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বি-১ ভিসা প্রযোজ্য হবে। আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে দেওয়া হবে বি-২ ভিসা।
একই সঙ্গে ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির অধীনে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ পাবেন।
নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি দূর করতেই এই সংস্কার আনা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভিসাসংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থা হালনাগাদের কাজ চলমান রয়েছে।

