বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
২০২৪ সালে বিশ্বের ১০২টি দেশে বই পড়ার অভ্যাস নিয়ে জরিপ চালায় সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ৬৫ লাখের বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে করা ওই জরিপে বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, আর প্রথম অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের। সিইওওয়ার্ল্ডের এই জরিপের তথ্যই নিজেদের ওয়েবসাইটে তুলে ধরেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
সেই তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে মাত্র দুই দশমিক সাত পাঁচটি বই পড়েন। আর বই পড়ার জন্য তাঁদের ব্যয় হয় বছরে গড়ে ৬২ ঘণ্টা।
অন্যদিকে, ওই তালিকায় বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন ৩৫২ ঘণ্টা। শ্রীলঙ্কায় একজন মানুষ বছরে গড়ে তিন দশমিক ২৯টি বই পড়েন। তবে পাকিস্তানে এই সংখ্যা বাংলাদেশের চেয়েও কম, বছরে মাত্র দুই দশমিক ছয়টি।
বই পড়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন গড়ে প্রায় ৩৫৭ ঘণ্টা। এ ছাড়া যুক্তরাজ্যে বছরে গড়ে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি এবং রাশিয়ায় ১১টি করে বই পড়েন একজন মানুষ। উল্লেখ্য, জরিপে বই পড়ার ক্ষেত্রে শীর্ষ ২০টি দেশের তালিকায় ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়ে পরিচালিত একটি গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ‘রিক্রিয়েশনাল বুক রিডিং অ্যামং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ: অ্যাকসেস, ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়।
দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার মোট ৬৯১ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশই ছিল ছাত্রী। শিক্ষার্থীদের পছন্দের বইয়ের মধ্যে রয়েছে কমিকস ও কৌতুকের বই, ছোটগল্প, ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান।
কিন্তু গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮৭ শতাংশ অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে পাঠ্যবইয়ের বাইরে বই পড়তেন মাত্র ৩৮ শতাংশ। গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আহসান হাবিব, সহকারী অধ্যাপক শিল্পী রানী সাহা এবং গবেষক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
বই পড়ার ক্ষেত্রে ভারতসহ বিভিন্ন দেশের এগিয়ে থাকার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক চর্চার পার্থক্য রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ভারতে বই পড়া ও সাহিত্যচর্চা সমাজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত; ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখার চর্চা রয়েছে, যেমন সেখানে মানুষ পার্কে গিয়েও বই পড়ে। কিন্তু বাংলাদেশে সেই সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি। তাঁর ভাষায়, সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নেওয়া ছাড়া বই পড়ার অভ্যাস গড়ে তোলা সহজে হবে না।
অন্যদিকে, বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস মনে করেন, বাংলাদেশের পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বই পড়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরে গুরুত্ব না পাওয়া। তিনি বলেন, বাংলাদেশের সমাজে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিস্তার তুলনামূলকভাবে সাম্প্রতিক; অনেকের বাবারাই স্কুলে যাননি। ফলে দীর্ঘদিন ধরে পড়াশোনা বলতে মূলত স্কুল-কলেজের পাঠ্যবই পড়াকেই বোঝানো হয়েছে।
দীপঙ্কর দাসের মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার—এই তিন জায়গা থেকেই পাঠক তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশে সেই পরিবেশ এখনও যথেষ্ট গড়ে ওঠেনি। একসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তখন শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি নিয়ে গেলে অনেক অভিভাবক, এমনকি শিক্ষকেরাও প্রশ্ন তুলতেন, পাঠ্যবইয়ের বাইরে এসব বই পড়ে সময় নষ্ট করার প্রয়োজন কী।
বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সরকারি গণগ্রন্থাগার রয়েছে মোট ৭১টি। এর বাইরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পাঠাগার পরিচালিত হচ্ছে। তবে অনেক পাঠাগারে সাহিত্য বা অন্যান্য বই পড়ার চেয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার প্রবণতা চোখে পড়ে।
২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় সরকারি গণগ্রন্থাগারগুলোতে জনবলসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের অপর্যাপ্ততার মতো সমস্যা উঠে এসেছে।
অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী মনে করেন, পাঠাভ্যাস গড়ে তুলতে রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে আরও উদ্যোগ প্রয়োজন। গাজীপুর সিটি করপোরেশনের শিক্ষাব্যবস্থার উন্নয়নসংক্রান্ত একটি কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে পাড়ায় পাড়ায় মানুষের হাঁটা দূরত্বের মধ্যে পাঠাগার গড়ে তোলার প্রস্তাব এসেছিল। এমনকি শপিং মলের মতো জায়গাতেও শিশু-কিশোরদের খেলার জায়গার পাশাপাশি বই পড়ার জায়গা রাখার প্রস্তাব করেন তিনি; এটিকে কেবল ব্যবসায়িক চাহিদার বিষয় হিসেবে না দেখে সামাজিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে বলে মত তাঁর।



