তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র

তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন লিটন মিয়া, কিন্তু পড়াশোনা থামাননি। অভাবের সংসারে খরচ জোগাতে কখনো দিনমজুরি, কখনো রাজমিস্ত্রির সহকারীর কাজ করে তিনি এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন। এখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে সংগ্রাম থামেনি; পড়াশোনার খরচ জোগাতে এখনো নিয়মিত কাজের খোঁজে নামতে হয় তাঁকে।
লিটনের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মধুরামপুর গ্রামে। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। মেজ ভাই রিপন মিয়া স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছেন, ছোট ভাই গোলাম রাব্বি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাঁদের বাবা ওবায়দুল হক অটোরিকশা চালান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লিটন থাকেন সোহরাওয়ার্দী হলে। তাঁর রুমমেট মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন। প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় লিটনের অবস্থান ছিল দ্বিতীয়, দ্বিতীয় সেমিস্টারে তিনি হয়েছেন সপ্তম। পড়াশোনায় ভালো করলেও আর্থিক সংকটে টিকে থাকাটাই তাঁর জন্য কঠিন হয়ে পড়ছে।
হলে থাকা-খাওয়ার জন্য মাসে লাগে প্রায় দুই হাজার টাকা। এই টাকা পাঠানোও পরিবারের জন্য সহজ নয়। তাই সপ্তাহে অন্তত দুই দিন রাজমিস্ত্রির কাজ খোঁজেন লিটন। ৯ নভেম্বর রাজশাহী নগরের ধরমপুর এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে কাজের খোঁজে গিয়েছিলেন তিনি। সেখানে মিস্ত্রি শফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কাজ করতে এসেছে দেখে তাঁর খারাপ লাগছে; ঢালাইয়ের মতো ভারী কাজ চলছে বলে ক্যাম্পাসের ভেতর তুলনামূলক হালকা কোনো কাজ থাকলে তিনি লিটনকে ডেকে নেবেন।
লিটনের বাবা ওবায়দুল হক পঞ্চম শ্রেণির বেশি পড়ালেখা করতে পারেননি। পোশাক কারখানায় কাজ করবেন ভেবে খুব ছোটবেলায় তিনি ঢাকায় গিয়েছিলেন, পরে রিকশা চালানো শুরু করেন। ২০১৫ সালে গ্রামে ফেরার পর থেকে তিনি অটোরিকশা চালান। পরিবারটির সবচেয়ে বড় ক্ষতি হয় ২০১৭ সালের নদীভাঙনে।
১০ নভেম্বর মুঠোফোনে ওবায়দুল হক বলেন, ‘আমার বাড়ি বলতে টিনের বেড়া দিয়ে ঘেরা দুইটা খোপ। একটাতে তিন ছেলে, আরেকটাতে আমরা স্বামী-স্ত্রী ঘুমাই। একটা ছাগল পুষতে হলেও ঘরেই রাখতে হয়। এখন যেমন কয়েকটা ছাগলের বাচ্চা আছে। সঙ্গে নিয়ে ঘুমাই। কষ্ট-মষ্ট করে চলতে হয়।’
সংসার চালানো আর ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন ওবায়দুল হক। ভাঙনের পর অবশিষ্ট ১৫ শতাংশ জমি ভাইয়ের কাছে দুই লাখ টাকায় বন্ধক রেখেছেন তিনি। এ ছাড়া গ্রামীণ ব্যাংকে ৭৬ হাজার টাকা এবং তিন আত্মীয়ের কাছে এক লাখ টাকা ঋণ আছে তাঁর। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি দিতে হয় দুই হাজার টাকা।
ওবায়দুল হক জানান, অটোরিকশা চালিয়ে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা হয়, এর মধ্যে আবার ব্যাটারি চার্জের খরচ আছে। অসুস্থতার কারণে নিয়মিত রিকশাও চালাতে পারেন না তিনি। তবু তিন ছেলেকে পড়াশোনা করানোর স্বপ্ন ছাড়েননি। তাঁর ভাষ্য, ‘তিনোডা ছেলেকে আমি শিক্ষিত বানাব।’
লিটন জানান, শিক্ষাজীবনের বিভিন্ন সময়ে কয়েকজন শিক্ষক তাঁকে সহযোগিতা করেছেন—কখনো খাতা-কলম, কখনো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়েছেন। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পান তিনি। কিন্তু খরচের কথা ভেবে কলেজে মানবিক বিভাগে ভর্তি হন।
রংপুর কারমাইকেল কলেজে ভর্তির টাকা জোগাতে ঢাকায় গিয়ে প্রায় দুই মাস রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন লিটন। সেই উপার্জনে কলেজে ভর্তি হয়েছেন, কিনেছেন বই-খাতা ও পোশাক। কলেজে পড়ার সময়ও মাসে প্রায় ১০ দিন নির্মাণশ্রমিকের কাজ করতেন তিনি, বাকি সময় ক্লাস আর পড়াশোনা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পরও টাকার চিন্তা পিছু ছাড়েনি। বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গিয়ে কাজ করে ভর্তির খরচ জোগাড় করেন লিটন। উপার্জনের কিছু টাকা দিয়ে বাবার ঋণও শোধ করেন তিনি।
ক্যাম্পাসের একটি চায়ের দোকানে কথা বলার সময় লিটনের বন্ধু সাকিব বলেন, লিটন অনেক বাধাবিপত্তি পেরিয়ে এ পর্যন্ত এসেছেন, এখনো লড়াই করছেন; তাঁকে দেখে বন্ধুরা অনুপ্রাণিত হন। আরেক বন্ধু আলাল আদনান বলেন, ‘ও প্রায়ই বলে, “বন্ধু, কিছু ভালো লাগছে না। আব্বুকে টাকার কথা বলতে পারছি না। অসুস্থ থাকায় রিকশা নিয়েও বের হয়নি। কীভাবে টাকা চাই, বল।” তারপরও আমার মনে হয়, এই দারিদ্র্য লিটনকে দমিয়ে রাখতে পারবে না।’
দর্শনের ছাত্র লিটনের স্বপ্ন, পড়াশোনা শেষ করে পরিবারের দায়িত্ব নেবেন, বাবাকে ঋণের বোঝা থেকে মুক্ত করবেন। তবে আপাতত তাঁর চিন্তা একটাই—টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা যেন মাঝপথে থেমে না যায়।



