মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় চেষ্টায় সিভিল জজ আব্দুল্লাহ আল মামুন

মাদ্রাসায় পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই মামুন এবার দ্বিতীয় প্রচেষ্টায় ১৮শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রথমবার ১৭শ বিজেএসে ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি।
আব্দুল্লাহ আল মামুন দাখিল পড়েছেন রাজশাহীর আল মারকাযুল ইসলামি আস সালাফী মাদ্রাসা থেকে। আলিম পাস করেছেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ‘ঘ’ ইউনিটে প্রথম এবং ‘খ’ ইউনিটে ১১তম হন তিনি। এরপর ‘খ’ ইউনিটের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকেই বিচারক হওয়ার স্বপ্নের শুরু হয় তাঁর।
প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে খুব বেশি সময় ব্যয় করেননি মামুন। বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে ভালো দখল থাকায় বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করেই তিনি প্রস্তুতির কৌশল ঠিক করেন।
তাঁর পর্যবেক্ষণে, সংবিধান ও পারিবারিক আইন অংশে তুলনামূলক সহজে ভালো নম্বর পাওয়া সম্ভব। তাই ২০ নম্বরের এই দুই অংশ থেকে ১৮-১৯ নম্বর পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তিনি। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞান অংশে ১৫-২০ নম্বর এবং আইনবিষয়ক ৪০ নম্বরের অংশে প্রয়োজনীয় নম্বর তুলে পাস করার পরিকল্পনা ছিল তাঁর। এই কৌশলে ১৭শ ও ১৮শ বিজেএসের প্রিলিমিনারিতে তিনি উত্তীর্ণ হন।
১৭শ বিজেএসের প্রস্তুতিতে আইন পাঠ সহায়ক বই অনুসরণ করলেও ১৮শ বিজেএসের আগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেন বেশি। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আইনের মূল পাঠ সংগ্রহ করে চ্যাটজিপিটি বা জেমিনিকে দিয়ে ১৫-২০টি বিকল্পসহ বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করতেন তিনি। তাঁর মতে, আইনের মূল পাঠ সরবরাহ করলে এআইয়ের তৈরি প্রশ্নের নির্ভুলতা বাড়ে।
লিখিত পরীক্ষার প্রস্তুতিতে বেয়ার অ্যাক্ট এবং বিগত বছরের প্রশ্নকে প্রাধান্য দিয়েছেন মামুন। কোনো ধারার ব্যাখ্যা বুঝতে সমস্যা হলে এআইয়ের সহায়তা নিতেন। নিজের লেখার মানোন্নয়নেও কাজে লাগিয়েছেন প্রযুক্তিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে এআইতে পাঠাতেন। কোথায় সংশোধন প্রয়োজন, কীভাবে উত্তর আরও মানসম্মত করা যায়, তা জেনে নিতেন।
রেফারেন্স বই খুব একটা পড়েননি তিনি। কারণ, এসব বইয়ে বিস্তারিত আলোচনা থাকায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে সময় বেশি লাগে। সীমিত সময়ে প্রয়োজনীয় বিষয় বুঝে বারবার অনুশীলন এবং পুনরাবৃত্তিকেই কার্যকর মনে করেছেন তিনি। পড়ার সময় প্রয়োজনীয় বিষয়গুলো এআইয়ের সহায়তায় সংকলন করে পিডিএফ তৈরি করতেন। পরে সেগুলো ছাপিয়ে পড়তেন এবং পরীক্ষার আগে পুনরাবৃত্তি করতেন।
মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে ‘ভাইভা বুস্টার’ বইটি পড়েছেন তিনি। বাস্তব ভাইভার প্রশ্ন ও অভিজ্ঞতা থেকে বোর্ডের প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি এআইয়ের সঙ্গে নিয়মিত ভাইভার অনুশীলন করতেন। এমনভাবে কথোপকথন চালাতেন, যেন সত্যিই কোনো ভাইভা বোর্ডের মুখোমুখি বসে আছেন। আনুষ্ঠানিক পরিবেশে শব্দচয়ন, বাক্যগঠন ও শিষ্টাচার বজায় রাখার বিষয়গুলোও চর্চা করতেন।
মামুনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য ও লক্ষ্যে অবিচল থাকার মানসিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির পর থেকে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। স্নাতক শেষ করেও বিকল্প পেশায় যাওয়ার চেষ্টা করেননি। তাঁর সংকল্প ছিল, বিজেএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত যতবার প্রয়োজন, চেষ্টা চালিয়ে যাবেন। তবে দীর্ঘ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় প্রচেষ্টাতেই পূরণ হয়েছে তাঁর স্বপ্ন।
নতুনদের উদ্দেশে তাঁর পরামর্শ, সরকারি চাকরির যেকোনো পরীক্ষাই প্রতিযোগিতাপূর্ণ। বিচার বিভাগ কিংবা বিসিএস—কোথাও সফলতা সহজে আসে না। এই পথে সফল হতে প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও ধৈর্য। শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা পূরণে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার এবং দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতাও থাকতে হবে।



