বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের, ১৬ নভেম্বর কলমবিরতির ঘোষণা

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি শাহ্ মো. নেছারুল হক।
দাবিগুলো উঠেছে প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর খসড়া নিয়ে। লিখিত বক্তব্যে বলা হয়, ওই খসড়ায় নিকাহ্ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে।
খসড়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ পদে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
সংগঠনটি বলেছে, এসব পরিবর্তন বিদ্যমান প্রশাসনিক কাঠামো ও নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা এবং মৃত ও অবসরজনিত শূন্য পদে যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিকাহ্ রেজিস্ট্রারদের যোগ্য পুত্রদের লাইসেন্স প্রদান।
অন্য দাবিগুলো হলো বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, আগের বিধিমালায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা এবং বিধিমালা প্রণয়নে নিকাহ্ রেজিস্ট্রারদের অন্তত দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।
বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতাকে নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে তাঁরা মত দেন।
দাবি আদায়ে আগামী ১৬ নভেম্বর দেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
এ ছাড়া ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশের ঘোষণাও দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজী সেলিম রেজা উপস্থিত ছিলেন।




