সিরাজগঞ্জে ২ হাজার ৯১১ হেক্টর জমিতে আগাম শীতের সবজি, সরবরাহ বাড়ায় বাজারে কমছে দাম
শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই আগাম শীতকালীন সবজির আবাদে সবুজে ছেয়ে গেছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, গাজর ও বেগুনের পরিচর্যা চলছে, আবার কোথাও খেত থেকে উঠছে আগাম সবজি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। ইতোমধ্যে জেলার নয়টি উপজেলায় ২ হাজার ৯১১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের আগাম সবজি চাষ করা হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে।
গত বছরের একই সময়ে আগাম সবজির আবাদ ছিল ২ হাজার ১৮৬ হেক্টর। সে হিসাবে এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে ৭২৫ হেক্টর।
কৃষি অফিস জানায়, এবার সবচেয়ে বেশি আগাম সবজির আবাদ হয়েছে রায়গঞ্জ উপজেলায়—৬৮৫ হেক্টর। এ ছাড়া কাজীপুরে ৬৭০ হেক্টর, উল্লাপাড়ায় ৪৭৫ হেক্টর, কামারখন্দে ৩০৫ হেক্টর, শাহজাদপুরে ২৯৫ হেক্টর, সিরাজগঞ্জ সদরে ১৭০ হেক্টর, তাড়াশে ১৭০ হেক্টর, বেলকুচিতে ১৩০ হেক্টর এবং চৌহালীতে ১১ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে।
সরেজমিনে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে শীতকালীন সবজির সমারোহ। ভোরের আলো ফুটতেই কৃষকেরা নেমে পড়ছেন মাঠে। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ সেচ দিচ্ছেন, আবার কেউ ফসলের পরিচর্যায় ব্যস্ত। অনেক কৃষক ইতোমধ্যে খেত থেকে সবজি তুলে বাজারজাত করছেন।
রায়গঞ্জ উপজেলার হাসিল গ্রামের কৃষক রেজাউল করিম আগাম ফুলকপির খেতে পরিচর্যার সময় বলেন, এবার তিনি ৩৫ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই এসব সবজি বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।
একই গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, তিনি ৩ বিঘা জমিতে ফুলকপি ও মুলা চাষ করেছেন। কার্তিক মাসের শুরু থেকেই নিয়মিত বাজারে সবজি বিক্রি করছেন এবং অন্যান্য সময়ের তুলনায় এবার দামও ভালো পেয়েছেন।
সদর উপজেলার বহুলী এলাকার কৃষক জহুরুল ইসলাম বলেন, এবার আগাম সবজির ফলন বেশ ভালো হচ্ছে এবং বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে। কিন্তু সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন বলে তিনি মনে করেন।
এদিকে আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় জেলার কাঁচাবাজারেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা যথাক্রমে ৪০ ও ৫০ টাকায় নেমেছে। লাউয়ের দামও প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা থেকে কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাবাজার ব্যবসায়ী হাতেম আলী জানান, বর্তমানে হল্যান্ডের আলু প্রতি কেজি ২০ টাকা, দেশি আলু ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, শসা ৪০ টাকা, মুলা ২০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এ ছাড়া পালংশাক তিন আঁটি ২০ টাকা।
ব্যবসায়ী মজিবর শেখ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এক মাস আগে ফুলকপি প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দুই মাস আগে কাঁচামরিচের কেজি ছিল ১২০ টাকা, বর্তমানে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গাজর ১৬০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রায়গঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত ৬৮৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে এবং চাষিরা এখন মাঠে নেমে কাজ করছেন।



