তিস্তা-ধরলায় ঝাঁকে ঝাঁকে মিলত যে বৈরালি, এখন কেজি হাজার টাকার ওপরে

কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীতে একসময় ঝাঁকে ঝাঁকে বৈরালি মাছ ধরা পড়ত; এখন সেই মাছ খুঁজে পেতে জেলেদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। স্থানীয় বাজারে বৈরালির কেজিপ্রতি দাম এখন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।
কুড়িগ্রাম শহরের কাছে মোঘলবাসা ইউনিয়নের জিগামারি ঘাটে একসময় নদীর মাছের অস্থায়ী হাট বসত। জেলেরা সারা রাত নদীতে জাল ফেলে মাছ ধরতেন, ভোরে মাছ নিয়ে হাজির হতেন ঘাটে, আর শহর থেকে মানুষ তাজা নদীর মাছ কিনতে সেখানে ভিড় জমাতেন। সেই হাটে নানা জাতের মাছের সঙ্গে উঠত বৈরালিও, যার স্বাদ ছিল আলাদা এবং দামও ছিল বেশি।
রাজারহাট উপজেলার তিস্তা নদীতীরবর্তী এলাকার ৯৮ বছর বয়সী দৌলত খাঁর বাড়ি কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম এলাকায়। জীবনের দীর্ঘ সময় মৌসুমি জেলে হিসেবে নদীতে মাছ ধরে কাটিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘একসময় তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়ত। নদীতে জাল ফেললে বৈরালি পাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এখন আর সেই দিন নাই। বৈরালি মাছ আর আগের মতো পাওয়া যায় না। নদিত পানি নাই, সউগ মাছ ভাটিত চলি গেইছে।’
একই অভিজ্ঞতার কথা বলেছেন চিলমারীর রমনা ব্যাপারীপাড়া গ্রামের ৬৫ বছর বয়সী জেলে ক্ষিতীশ দাস। তাঁর কাছে বৈরালি শুধু সুস্বাদু মাছ নয়, বাড়তি আয়েরও উৎস ছিল; কিন্তু নদীতে মাছ কমে যাওয়ায় সেই আয়ের সুযোগও সংকুচিত হচ্ছে।
বৈরালি কমে যাওয়ার কারণ হিসেবে ক্ষিতীশ দাস বলেন, ‘একে তো নদিত পানি নাই। তার মধ্যে ফির কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারার পদ্ধতি আসার পর বড় মাছের সাথে পোনা সউগ মরে যায়। পোনা বড় হয়ে তো বৈরালি হয়। কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারা বন্ধ না হইলে একসময় নদী থাকি মাছ উধাও হয়া যাইবে।’
জেলেদের বড় উদ্বেগের বিষয় দুটি—নদীতে পানির প্রবাহ কমে যাওয়া এবং মাছ ধরার ক্ষতিকর পদ্ধতি। পোনা মাছ বড় হওয়ার সুযোগ না পেলে নদীতে মাছের প্রাপ্যতা স্বাভাবিকভাবেই কমে যাবে বলে তাঁদের অভিজ্ঞতা বলছে; এতে শুধু বৈরালি নয়, নদীর অন্যান্য মাছের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।
বৈরালি সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ। সাধারণত পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এর বসবাস; দেহ লম্বাটে ও সরু। জেলেদের অভিজ্ঞতা অনুযায়ী, দিনের বেলায় বৈরালি সাধারণত নদীর গভীর পানিতে থাকে, বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে কিনারার অপেক্ষাকৃত ওপরের স্তরে চলে আসে; এ সময় ছোট ফাঁসের জাল দিয়ে মাছটি ধরা হয়, আর ভোররাতেও বৈরালি বেশি ধরা পড়ে।
বৈরালি বিপন্ন কি না, তা নির্ধারণের মতো পর্যাপ্ত তথ্য এখনো নেই, ফলে মাছটির সংরক্ষণ পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, পানিদূষণ, পলি জমে তলদেশের প্রকৃতি বদলে যাওয়া এবং ক্ষতিকর জালের ব্যবহার মাছটির আবাসস্থল ও প্রজননে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তবে এসব কারণে তিস্তা ও ধরলা নদীতে বৈরালির সংখ্যা ঠিক কতটা কমেছে, তা নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মো. আহসানুল হক জানান, কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালি মাছের প্রাপ্যতা কমেছে। তাঁর মতে, বৈরালির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি; কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে এবং স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।
মো. আহসানুল হক আরও জানান, সম্প্রতি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালি মাছের পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণায় কিছু সীমাবদ্ধতা রয়েছে; তবে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদ-নদী এবং এখানকার মৎস্যসম্পদ নিয়ে গবেষণার কাজ চলছে।



