সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযান: ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় রোববার ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে আরও ছিল হরিণের ৮টি পা, ২টি মাথা এবং ২টি চামড়া।
জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




