সান্তাহার থেকে যাত্রীবেশে উঠে নওগাঁয় অটোরিকশাচালক সোলাইমানকে কুপিয়ে হত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক সোলাইমান আলী বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার শহরের রিকশাস্ট্যান্ড থেকে সোলাইমানের অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁরা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন।
পথে গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে সোলাইমানকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খয়রাবাদ গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থল নওগাঁ সীমানার মধ্যে হওয়ায় নওগাঁ থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ওই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের অটোরিকশাটি নওগাঁ থানায় রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।




