গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে প্রাগে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে রোববার লাখ লাখ মানুষের সমাবেশের প্রস্তুতি চলছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে—এই অভিযোগে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমগুলোর অর্থায়নের বাধ্যতামূলক লাইসেন্স ফি বাতিল করে সেগুলোকে রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই ফি রক্ষার দাবিতেই এই সমাবেশ, যা আয়োজকদের ভাষ্যে দেশটির ইতিহাসের অন্যতম বড় সমাবেশ হতে পারে।
সমাবেশটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ ও তাঁর জোটের জন্য সর্বশেষ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এর আগে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে এবং চেক টিভি ও চেক রেডিওর কর্মীরা ধর্মঘট করেছেন।
বিক্ষোভকারীদের বক্তব্য, লাইসেন্স ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থায়ন করা হলে মন্ত্রীরা সংবাদকক্ষগুলোর ওপর বেশি প্রভাব খাটাতে পারবেন। তাঁরা স্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও সার্বিয়ার উদাহরণ টেনেছেন, যেখানে বর্তমান ও আগের ডানপন্থী জনতুষ্টিবাদী সরকারগুলো গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে বলে তাঁদের অভিযোগ।
বিক্ষোভের আয়োজক মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, কর্তৃপক্ষ বিরোধিতার মাত্রা দেখতে পাবে। গোষ্ঠীটির ভাষ্য, বাবিশ ও তাঁর সরকার মনে করেন তাঁরা যা খুশি তাই করতে পারবেন, বিশেষজ্ঞদের উপেক্ষা করতে পারবেন, সমালোচকদের চুপ করাতে পারবেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পত্তির মতো ব্যবহার করতে পারবেন।
আয়োজকেরা প্রাগের ঐতিহাসিক কেন্দ্রের দিকে মুখ করা লেতনা সমতলভূমিতে ৪ লাখ থেকে ৬ লাখ মানুষের সমাগম প্রত্যাশা করছেন। প্রচারণার পরিচিত মুখ টিভি উপস্থাপক দানিয়েল স্তাখ বলেছেন, বিক্ষোভকারীদের একাংশ সরকারের প্রতি ব্যাপকতর বিরোধিতাও প্রকাশ করবেন।
প্রস্তাবিত পরিবর্তনে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর বাজেট প্রায় ১৫ শতাংশ কমে যাবে। এই পরিকল্পনা আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে।
ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন, ইউরোপীয় সাংবাদিক ফেডারেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট সরকারের এই গণমাধ্যম পরিকল্পনার সমালোচনা করেছে এবং একে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো ও হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিতর্কিত পদক্ষেপের সঙ্গে তুলনা করেছে।
গত বছর ক্ষমতায় ফিরে আসা ধনকুবের বাবিশ বলেছেন, বিক্ষোভকারীরা গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়ার ভিত্তিহীন দাবি তুলে জনগণকে উত্তেজিত করছেন। গত সপ্তাহে তিনি লাইসেন্স ফি নিয়ে বিরোধীদের ছড়ানো ‘সাতটি মিথ্যা’ শিরোনামে একটি মতামত নিবন্ধ প্রকাশ করেন; ফিগুলো মিলিয়ে মাসে মোট ২০৫ কোরুনা। তিনি লিখেছেন, যারা সরকারি গণমাধ্যমের ‘জাতীয়করণের’ কথা বলছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন, এবং তাঁর ভাষায়, কোনো পরিস্থিতিতেই তাঁরা সম্পাদকীয় কাজে হস্তক্ষেপ করবেন না।



