রেলওয়ে ঢেলে সাজাতে নতুন নির্দেশনা: নতুন রুট, অতিরিক্ত কোচ ও স্টেশনে দোকান বরাদ্দ
বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে রেল ও সড়ক মন্ত্রণালয়। কীভাবে আয় বাড়ানো যায়, কোন কোন নতুন রুটে ট্রেন চালালে লাভজনক হবে, পাশাপাশি সেবার মান বাড়ানোর জন্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সভাপতিত্ব করেন। ওই সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে এবং রোববার (১৫ নভেম্বর) একাধিক রেল কর্মকর্তার সঙ্গে কথা বলে তা নিশ্চিত হওয়া গেছে।
নির্দেশনায় অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনগুলোতে দোকান বরাদ্দ এবং কমিউটার ট্রেনের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা করতে হবে।
স্ক্র্যাপ বিক্রি থেকে রাজস্ব আয় বাড়াতে আহ্বান করা দরপত্র দ্রুত নিষ্পত্তি করতে এবং আয় কমার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে। কমিউটার, লোকাল ও মেইল ট্রেন লিজ দেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়ার কথাও সভায় সিদ্ধান্ত হয়।
নবনির্মিত স্টেশনগুলোতে দোকান বরাদ্দের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার বিষয়েও নির্দেশনা রয়েছে।
জয়দেবপুর কমিউটার ৩-৪ ট্রেনের গত ছয় মাসের যাত্রীসংখ্যা ও আয়ের পরিসংখ্যান পর্যালোচনা করে পরিচালনার বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ১৩৫/১৩৬ নম্বর অভিবাসী কমিউটার ট্রেনের রুট গোবরা পর্যন্ত সম্প্রসারণ করে পরিচালনার প্রস্তাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে ৭৭৫/৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আগের রুটে, অর্থাৎ ঈশ্বরদী থেকে পরিচালনার বিষয়ে যাচাই-বাছাই করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভূসম্পত্তি বিভাগকে হিসাব বিভাগের সঙ্গে আয়ের হিসাব সমন্বয় করে পরবর্তী ওয়ার্কিং মিটিংয়ে উপস্থাপন করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, চিলমারী থেকে শাটল ট্রেনের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাব পাঠাতে হবে। যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে।
এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে রেলের আয় বৃদ্ধি ও যাত্রীসেবা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



