আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

গোপালগঞ্জে দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভের পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দিয়েছে সরকার। রোববার সন্ধ্যার আগেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
একটি পুলিশ বক্স ভাঙচুরের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশের গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শহরের প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এই বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র, লগি-বৈঠা ও লাঠি দেখা গেছে। কয়েকটি স্থানীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে কলেজের আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।
বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টানানো হয়। পরে অবশ্য একদল শিক্ষার্থী এসে আবার হাদি চত্বর নাম লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯ নভেম্বর দলটির পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে, তার প্রস্তুতির অংশ হিসেবে রোববার গোপালগঞ্জে বিক্ষোভ জমায়েত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত কয়েকজন জানিয়েছেন, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের আশেপাশের এলাকা থেকে একের পর এক মিছিল আসা শুরু হয়। মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে বিপুল সংখ্যক নেতাকর্মীকে এ সময় জেলা শহরে প্রবেশ করতে দেখা যায়।
বেলা ১১টার দিকে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লা ও গ্রাম থেকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে শহরে প্রবেশ করছিল, তখন তাদের কারও কারও হাতে দা, কুড়াল ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে বলে দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বেলা ১২টার দিকে বিভিন্ন জায়গা থেকে আসা মিছিলের লোকজন একত্রিত হয়ে লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে স্লোগান আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর।
শহরজুড়ে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকলেও তাদের সঙ্গে বিক্ষোভকারীদের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। মিছিলগুলো শহরের পুরনো লঞ্চঘাট সেতুর কাছে জড়ো হওয়ার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। তারা ওই কার্যালয়ে ঢুকে সেটি খুলে দেন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওই কার্যালয় বন্ধ ছিল।
বিকেলে গোপালগঞ্জে থাকা ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলায় পুলিশের ১ হাজার ৩৫০ অফিসার ও ফোর্স নিয়োজিত ছিল। গোপালগঞ্জ সদর ছাড়াও পৌরসভা ও উপজেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে তিনি জানান। তিনি বলেন, ‘ন্যাশনাল হাইওয়ে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। মূল শহরে মোতায়েন থাকা পুলিশ সরকারি স্থাপনা সুরক্ষিত করেছে। গোপালগঞ্জ পুলিশ ছাড়াও অন্যান্য জেলা থেকে অফিসার ফোর্স নিয়োজিত করা হয়েছে। জননিরাপত্তায় যা যা দরকার আমরা তাই করে যাবো।’
ওই প্রেস ব্রিফিংয়ে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘পর্যাপ্ত লোকবল প্রস্তুত রাখা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে সরকারি সম্পদ ও জনগণের সম্পত্তিতে কোনো নাশকতা বরদাশত করা হবে না। আজ জেলা প্রশাসনের অফিস কমপ্লেক্সে দেড়-দুই হাজারের বেশি লোকের ঘেরাওয়ে পরিস্থিতি তৈরি হলেও সব বাহিনী শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এসেছে।’
বিক্ষোভের পর বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে সরিয়ে দিয়েছে সরকার। আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন হয়েছে সন্ধ্যার আগেই। হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের ডিসির দায়িত্বে আনা হয়েছে। হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে, আর তার জায়গায় গোপালগঞ্জের এসপি হিসেবে এসেছেন ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে পুলিশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।



