…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা-কর্মী মিছিল নিয়ে গিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা করেন। তাঁরা প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। তারপর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন তাঁরা।

এ খবর প্রকাশের পর জাতীয় সংসদে প্রসঙ্গটি তুলে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাতে সংসদে তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান। সংসদে তিনি গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য থাকার কথাও জানান।

পরে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপার থেকে সাবেক এমপি–মন্ত্রীরা গত কয়েক দিন ধরে ‘মেসেজ’ (বার্তা) দিচ্ছেন। তিনি বলেন, ‘এটা তাদের (আওয়ামী লীগ) চরিত্র। তাদের স্বভাব আগুন দিয়ে মানুষ পোড়ানো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র আবার নতুন করে উন্মোচিত হয়েছে। তারা চাইছে সরকার যেন আওয়ামী কায়দায় রাজপথে গুলি করে। কিন্তু সরকারের নীতি হলো একজন নিরীহ মানুষকে বাঁচাতে প্রয়োজনে ১০ জনের অপরাধের বিষয়ে কিছুদিন ধৈর্য ধারণ করা হবে।

বর্তমান সরকার গণতান্ত্রিক প্রকৃতির সরকার উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই দেশে আর কোনো রকম রাজপথে আন্দোলনকারীদের হত্যার ঘটনা দেখতে চায় না। তবে যদি কেউ থানা বা সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি। সাধারণ মানুষ বুঝুক। দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়।’ তিনি বলেন, ‘এই দেশে হুমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’

কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে উল্লেখ করে সেই ফাঁদে পা না দেওয়ার জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ, অডিও আমাদের কাছে নেই, তারা ভুল করবে।’

হুঁশিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ হোক বা কাল হোক, প্রতিটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে এ দেশে রাজনীতি করতে পারবে না। তারা সেই বৈধতা হারিয়েছে। তারা এই দেশে গণহত্যা চালিয়েছে।

আওয়ামী লীগ সম্পর্কে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু আশ্বস্ত করতে চাই, এই দেশে তথাকথিত ফ্যাসিবাদী শক্তি যারা পালিয়ে তাদের নিজের আশ্রয়ে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।’

শ্রমিক অসন্তোষের পেছনে অন্য পক্ষের উসকানি রয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, উত্তরা-সহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তাঁর দাবি, আলোচনায় শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি মেনে নেওয়ার কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করেছে, তবে শ্রমিকদের ওপর গুলি চালায়নি। কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি; শান্তিপূর্ণভাবে বল প্রয়োগ করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান
রাজনীতি

১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনার তথ্য আছে, সংসদে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে …

রাজনীতি

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব সংসদে

তৈরি পোশাকশিল্পের বিদ্যমান সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনসহ সাত দফা প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান। জাতীয় সংস…