পিরোজপুরের নাজিরপুরে বিএনপি নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় বিএনপি নেতাদের বসতবাড়ি, দলীয় কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বিএনপির দলীয় কার্যালয়সহ এক নেতার ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী মালিখালী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
নাজিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হরেকৃষ্ণ মন্ডল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়।
হরেকৃষ্ণ মন্ডলের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ির সামনে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন দেয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তঘেঁষা নাজিরপুরের অংশে টুঙ্গিপাড়া থেকে কিছু লোকজন এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


