টিকাদানের ফাঁকে ফিরল হাম, দেশে মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০, সন্দেহজনক রোগী প্রায় আড়াই লাখ
একসময় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণে এসেছিল হাম। কিন্তু টিকাদানের ধারাবাহিকতায় ঘাটতি, টিকার সরবরাহ সংকট এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতায় আবারও ভয়াবহ রূপে ফিরেছে অত্যন্ত সংক্রামক এই রোগ, বাংলাদেশে পরিস্থিতি এখন বিশেষভাবে উদ্বেগজনক।
দেশে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ১ হাজার ৪১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষায় ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ এবং পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী, হাম নিয়ন্ত্রণে রাখতে একটি জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিতে হবে। অথচ ২০২৫ সালে বিশ্বে মাত্র ৮৪ শতাংশ শিশু প্রথম ডোজ এবং ৭৭ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে, ফলে বিপুলসংখ্যক শিশু সুরক্ষার বাইরে রয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪১২ জনের হাম শনাক্ত হয়েছে, ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমেরিকা অঞ্চলের ১৭টি দেশ ও অঞ্চলে ৫৭ হাজার ৬৬৬ জনের হাম শনাক্ত হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিডিসির সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’-এ ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত এক গবেষণায় কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪-২৫ সালে এমআর টিকার মজুত শেষ হয়ে যাওয়া, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং দেশব্যাপী সম্পূরক টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় অনেক শিশু সুরক্ষার বাইরে চলে যায়।
গবেষণায় বলা হয়েছে, টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণে পুরোনো জনসংখ্যার হিসাব ব্যবহার করায় প্রকৃত ঘাটতি আড়ালে থেকে গেছে। ফলে সরকারি হিসাবে টিকাদানের হার সন্তোষজনক মনে হলেও বাস্তবে অনেক শিশু টিকা পায়নি। টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে সরকার তিন সদস্যের কমিশন গঠন করেছে, ৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের দায় নির্ধারণ করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, টিকাদানের ঘাটতি সংক্রমণ বাড়ালেও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ চিকিৎসাব্যবস্থার অতিমাত্রায় কেন্দ্রীভূত কাঠামো। কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার এবং আক্রান্তদের যথাযথ আইসোলেশনের ব্যবস্থা করা গেলে অনেক মৃত্যু এড়ানো সম্ভব হতো। তিনি হামের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় অর্থায়ন বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান মনে করেন, পরিস্থিতির পেছনে রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি, নজরদারির দুর্বলতা ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা কাজ করছে। তাঁর মতে, প্রথম ডোজে অগ্রগতি থাকলেও দ্বিতীয় ডোজের ঘাটতিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তৈরি হয়েছে। তিনি প্রতিটি প্রাদুর্ভাবের নমুনার জিনোম সিকোয়েন্সিং, টিকার পর্যাপ্ত মজুত এবং টিকাবঞ্চিত শিশুদের নির্ভুল তালিকা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশে সাধারণত শিশুদের নয় ও ১৫ মাস বয়সে এমআর টিকা দেওয়া হয়। তবে নয় মাসের কম বয়সি শিশুদের আক্রান্ত হওয়ার তথ্য বিবেচনায় সরকার ছয় মাস বয়স থেকেই টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে, অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি বেশি। ডব্লিউএইচওর হিসাবে, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হামের টিকা প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছে, অথচ ২০২৪ সালেই বিশ্বে হামে প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু।




