অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়ার পক্ষে আইনসচিব

বিচারকদের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত জেলা জজদের জন্য গাড়ি ও সার্বক্ষণিক গানম্যানের ব্যবস্থা করা উচিত বলে মত দিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে এই স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
আইনসচিব বলেন, ‘আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। দুই মেধাবী বিচারক জীবন দিয়ে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখিয়ে গেছেন।’
সভায় অন্য বক্তারা শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতিচারণ করেন এবং আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় সম্প্রতি সিএমএম আদালত এলাকায় ককটেল হামলার ঘটনাটি তুলে ধরেন।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতিচারণ করেন। তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ বিচারকের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সভায় আরও বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।




