রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লক, ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করা হয়েছে।
জানা যায়, শিশুটির বাবা আশরাফুল হক ইমন দোকান কর্মচারী এবং মা মেহেরুন্নেসা গৃহিণী। বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলা চেপে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি নিজেই ফোনে স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন।
শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে আসফিয়ার মরদেহ উদ্ধার করে।
ওসি জাহাঙ্গীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে বাসায় শিশুটিকে গলাটিপে হত্যা করেছেন তার মা। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




