…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এই প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে তাঁরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে ধারণা দেন।

বৈঠকে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই।’ তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়।

প্রশাসক বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।’ তাঁর ভাষায়, বর্জ্য ব্যবস্থাপনা এমন পর্যায়ে নিতে হবে, যেখানে বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দরনগরী এবং অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এখানে বর্জ্যের পরিমাণও বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে শুধু বর্জ্য সংগ্রহ করে ভাগাড়ে ফেলার মাধ্যমে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসক সতর্ক করে বলেন, এ ধরনের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, প্রকল্পের আর্থিক সাশ্রয়, দীর্ঘমেয়াদি পরিচালনা ব্যয় এবং নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প চাই না, যা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই।’

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন করে এবং বর্জ্য প্রক্রিয়াকরণে বিভিন্ন প্রযুক্তি ও পরিবেশগত নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রকল্পটি প্রস্তাব করে। বৈঠকে প্রস্তাবটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাই। তবে প্রকল্প গ্রহণের আগে বর্জ্যের প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি। সিটি কর্পোরেশন নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করবে।’

বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ এবং কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুইসহ প্রতিনিধিরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়…

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…