…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বরিশালে ফেলনা কাপড়ে ব্যাগ-কাঁথা বানিয়ে স্বাবলম্বী স্টেডিয়াম কলোনির ৩০ নারী, পাঁচ শিক্ষার্থীর ‘প্রজেক্ট প্রেরণা’

নিজস্ব প্রতিবেদক
বরিশালে ফেলনা কাপড়ে ব্যাগ-কাঁথা বানিয়ে স্বাবলম্বী স্টেডিয়াম কলোনির ৩০ নারী, পাঁচ শিক্ষার্থীর ‘প্রজেক্ট প্রেরণা’
ছবি: সংগৃহীত

বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে স্টেডিয়াম কলোনিতে পাঁচ শিক্ষার্থীর উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ বদলে দিয়েছে ৩০ নারীর জীবন। দুই বছর আগে শুরু হওয়া এই উদ্যোগে নারীরা ফেলে দেওয়া কাপড় দিয়ে ব্যাগ, নকশিকাঁথা ও নানা হস্তশিল্পপণ্য তৈরি করে ঘরে বসেই উপার্জন করছেন।

কলোনির গৃহবধূ রিয়ামনি আক্তারের স্বামী দিনমজুর। ছয়জনের সংসারে তাঁর আয়ে টানাপোড়েন চলত। সেলাই জানলেও উপার্জনের সুযোগ ছিল না তাঁর। কলোনির দুই শতাধিক নারীর অবস্থাও ছিল একই রকম।

স্টেডিয়াম কলোনিতে গিয়ে দেখা গেছে, ঘরে বসে সেলাই মেশিনে ব্যাগ তৈরি করছেন রিয়ামনি। কোনো ঘরে তৈরি হচ্ছে নকশিকাঁথা, কোথাও ব্যাগে রং ও নকশার কাজ চলছে, কেউ আবার তৈরি পণ্য প্যাকেজিং করছেন। এভাবে ১৪ নারী নিজেদের ঘরে বসেই নিয়মিত কাজ করছেন।

তাঁদের তৈরি পণ্য অনলাইনে বিক্রি হয়। পাশাপাশি ব্র্যাক, সামাজিক প্ল্যাটফর্ম বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য কিনে নিচ্ছে বলে উদ্যোগের সঙ্গে যুক্তরা জানিয়েছেন।

রিয়ামনি আগে শুধু জামা ও নারীদের ব্লাউজ সেলাই করতে পারতেন। এখন ব্যাগ তৈরির কাজও শিখেছেন। তিনি জানান, একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে ৮০ টাকা মজুরি পান। এখন মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করেন তিনি। তবে তাঁদের মেশিন দিয়ে মোটা কাপড় সেলাই করা যায় না; ভালো মেশিন পেলে আরও বেশি কাজ করতে পারতেন বলে তিনি জানান।

গৃহবধূ সাথী আক্তারের সেলাই মেশিন নেই। তিনি আপাতত হাতের সেলাই ও নকশিকাঁথার কাজ করেছেন। এ কাজ করে যে অর্থ পান, তা দিয়ে সংসারে স্বামী-সন্তানের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

এখন পর্যন্ত ৩০ নারীকে প্রশিক্ষণ দিয়েছে প্রজেক্ট প্রেরণা। এর মধ্যে নিয়মিত কাজ করছেন ১৪ জন। তাঁদের মধ্যে সাতজন ব্যাগ তৈরি করেন, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথার কাজ করেন। বাকি দুজন ব্যাগ ধোয়া ও প্যাকেজিংয়ের কাজ করেন। প্রশিক্ষণ নেওয়া বাকি ১৬ জন নিজেদের মতো করে কাজ করছেন।

প্রজেক্ট প্রেরণার অন্যতম সংগঠক সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির বলেন, ‘এখানে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের কর্মী নন, বরং আমাদের পার্টনার।’

২০২৪ সালের ১০ নভেম্বর প্রজেক্ট প্রেরণার যাত্রা শুরু হয়। আবির মাহমুদ জানান, প্রথম বছরে প্রায় ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকার বিক্রি হয়েছিল। চলতি বছরে ১ হাজার ২০০টি ব্যাগ বিক্রি করে আয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। নকশিকাঁথা বিক্রি থেকেও আয় হচ্ছে। ব্যয় বাদ দিয়ে বিক্রির অর্থের প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।

প্রজেক্ট প্রেরণার অপর চার উদ্যোক্তা হলেন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বীথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম এবং বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি।

২০২৪ সালে ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ যুব প্ল্যাটফর্মের আওতায় এক মাসের প্রশিক্ষণ নেন তাঁরা। এরপর মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন প্রজেক্ট প্রেরণা। কোনো ঋণ না নিয়ে বিভিন্ন জায়গা থেকে পাওয়া অর্ডারের অর্থ দিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

মো. সিয়াম বলেন, ‘আমরা দেখেছি, কলোনির অনেক নারীর কাজ করার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নেই। প্রথমে ১০ নারীকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তখনো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছি।’

বীথি আক্তারের বেড়ে ওঠা স্টেডিয়াম বস্তিতেই। ছোটবেলা থেকে এখানকার নারীদের আর্থিক দুরবস্থা কাছ থেকে দেখেছেন তিনি। ব্যাগের নকশাগুলো করেন বীথি নিজেই। তিনি বলেন, ‘আমাদের তৈরি প্রথম ব্যাগটি এক বন্ধু ১৫০ টাকা দিয়ে কিনেছিল। সেই যে অনুপ্রেরণা পেয়েছি, তারপর আর বসে থাকিনি।’

উদ্যোক্তা নন্দিনী তিথি জানান, তাঁদের তৈরি এক রঙের সাধারণ ব্যাগ পাইকারি বিক্রি হয় ১২০ টাকায়। হাতে কাজ করা ব্যাগের দাম ৩০০ থেকে ৮০০ টাকা। গ্রাহকের পছন্দ অনুযায়ী হাতে আঁকা ব্যাগ বিক্রি হয় ৫০০ থেকে ১ হাজার টাকায়। প্রতিটি নকশিকাঁথা পাইকারি বিক্রি হয় ৪ হাজার টাকায়।

উন্নত সেলাই মেশিনের অভাবে মোটা কাপড়ের অনেক ব্যাগ তৈরি করা যাচ্ছে না। চাহিদা থাকলেও কিছু অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে। আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার লক্ষ্য আছে প্রজেক্ট প্রেরণার। একটি মিনি প্রোডাকশন হাউস তৈরির উদ্যোগও নিয়েছেন তাঁরা, যেখানে মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে এবং নারীরা সুবিধামতো সময়ে এসে কাজ করতে পারবেন।

স্টেডিয়াম কলোনির এই উদ্যোগ সরেজমিনে ঘুরে দেখেছেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, উদ্যোগটির কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তাঁরা যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কথা ঢালী (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধা…

মুখস্থের দিন শেষ, এআইয়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা থাকতে হবে শিক্ষার্থীদের: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী
শিক্ষা

মুখস্থের দিন শেষ, এআইয়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা থাকতে হবে শিক্ষার্থীদের: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার…

শিক্ষা

২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম…

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
শিক্ষা

ঝিকরগাছায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভ…