আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে ২৫-৩০ জনের হামলা, ককটেল বিস্ফোরণে আহত ৩-৪ জন

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল এই হামলা চালায়। এতে প্রতিষ্ঠানটির তিন-চারজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
উপকমিশনার জানান, হামলাকারীরা আশিয়ান সিটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন। এ সময় দুই-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কর্মকর্তা-কর্মচারীদের মারধরও করা হয়েছে।
পুলিশ বলছে, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের একটি ভবনের মালিক ভাড়াটে লোকজন দিয়ে এই হামলা করিয়েছেন।
জহিরুল ইসলাম আরও দাবি করেন, হামলার পর মামলা না করার জন্য বিদেশি একটি নম্বর থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।




