যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক নিহত, পরিচয় মেলেনি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ তাঁর নাম-পরিচয় জানতে পারেনি। ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
রোববার দিবাগত রাত ৩টার দিকে থানা-পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী বলেন, রাতে টহলের সময় কুতুবখালী মাদ্রাসা ভবনের পেছনে এক যুবকের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর জানান ওই মাদ্রাসারই কিছু ছাত্র। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে আনার পর তিনি মারা যান।
এএসআই হাসান আলী আরও জানান, ওই যুবকের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো গেঞ্জি। পুলিশ জানিয়েছে, তাঁর পরিচয় পাওয়া যায়নি এবং পরিচয় জানার চেষ্টা চলছে।




