রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯টি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৩৯টি মামলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকার ২৪ জন, লালবাগের ৭৮ জন, ওয়ারীর ৭৪ জন, মতিঝিলের ৪৯ জন, তেজগাঁওয়ের ৭৮ জন, মিরপুরের ১১৯ জন, গুলশানের ২৭ জন ও উত্তরার ২৫ জন রয়েছেন।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০।
অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




