যাত্রাবাড়ীর কুতুবখালিতে ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক নিহত
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালি এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, রাতে টহল ডিউটি করার সময় কুতুবখালি মাদ্রাসার কয়েকজন ছাত্র পুলিশকে খবর দেয় যে মাদ্রাসার পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এএসআই হাসান আলী আরও জানান, ওই যুবকের বুকের বাম পাশে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



