…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বেড়েছে, তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি রোববার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। সর্বশেষ গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। একই সময়ে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ২৪০ কোটি টাকা থেকে বেড়ে গত অর্থবছর শেষে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। অর্থাৎ এক দশকে কৃষিঋণ বেড়েছে দ্বিগুণ, আর খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণের বেশি।

প্রতিবেদনে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়েছে। এই তিন মাসে কৃষি খাতে ১১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে বিতরণ করা ঋণের মধ্যে ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে ৫৮টি ব্যাংক, আর বিআরডিবি বিতরণ করেছে ২৯৪ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে ৫৮টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা; বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ।

প্রথম তিন মাসে সবচেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রায় ২ হাজার ৪৪৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে ইসলামী ব্যাংক বিতরণ করেছে প্রায় ৮৮৮ কোটি টাকা, তৃতীয় অবস্থানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বিতরণ করেছে ৭৬৮ কোটি টাকা। শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় এরপর রয়েছে সিটি ব্যাংক (৫৩৩ কোটি টাকা), পূবালী ব্যাংক (৪৮২ কোটি টাকা), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি টাকা), ইউসিবি (৪১৪ কোটি টাকা), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি টাকা) ও প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।

খাতভিত্তিক হিসাবে বিতরণ করা ঋণের সবচেয়ে বড় অংশ পেয়েছে ফসল উৎপাদন খাত — তিন মাসে প্রায় ৫ হাজার ৭০ কোটি টাকা, যা মোট বিতরণের প্রায় ৪৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ পেয়েছে প্রাণিসম্পদ ও পোলট্রি খাত, ৩ হাজার ২৫৩ কোটি টাকা বা মোট ঋণের ৩০ শতাংশ। মৎস্য খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি টাকা, প্রায় ১৩ শতাংশ। এ ছাড়া অকৃষি পল্লি খাতে ১ হাজার ৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যার মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি ও অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা।

সেচ ও কৃষি সরঞ্জাম খাতে ঋণ বিতরণ তুলনামূলক কম হয়েছে। এ দুই খাত মিলিয়ে বিতরণ হয়েছে ৯১ কোটি টাকা — সেচ সরঞ্জাম খাতে ৪৬ কোটি ও কৃষি সরঞ্জাম খাতে ৪৫ কোটি টাকা। শস্য সংরক্ষণ ও বিপণন খাতে বিতরণ হয়েছে ৩১ কোটি টাকা। অন্যদিকে বিআরডিবির মাধ্যমে প্রথম তিন মাসে বিতরণ করা ২৯৪ কোটি টাকা গত অর্থবছরের একই সময়ের ৩০১ কোটি টাকার চেয়ে ২ শতাংশ কম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা
কৃষি

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা

গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখা…

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও
কৃষি

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে সোমবার অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব হয়েছে। গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজিত এই উৎ…

ট্রেনে সার পরিবহন বন্ধ টানা দুই অর্থবছর, খাদ্যশস্য ও কনটেইনারেও ধস
কৃষি

ট্রেনে সার পরিবহন বন্ধ টানা দুই অর্থবছর, খাদ্যশস্য ও কনটেইনারেও ধস

বিভিন্ন গুদাম ও বিপণনকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে গত দুই অর্থবছরে রেলপথে কোনো সার পরিবহন হয়নি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও এ খাতে কোনো ট্রিপ…