খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগরে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আটক
রাজধানীর তিন এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগর আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খিলগাঁও থানার পুলিশ এ অভিযান চালায়।
খিলগাঁওয়ে আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক। পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের এই তিনজন ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাদের আটক করা হয়।
রূপনগরে আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।



