যুক্তরাষ্ট্রের বৃহৎ ডেটা সেন্টারগুলোর কার্বন নিঃসরণ ডেনমার্কের এক বছরের সমান: গবেষণা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘হাইপারস্কেলার’ ডেটা সেন্টারের দ্রুত বিস্তার মিলিতভাবে গ্রহ-উত্তপ্তকারী গ্যাস নিঃসরণ করেছে প্রায় ডেনমার্কের এক বছরের নিঃসরণের সমান—নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ওই সময়ে ৪০৩টি ‘হাইপারস্কেলার’—কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রবৃদ্ধি সামলাতে ব্যবহৃত সবচেয়ে বড় ডেটা সেন্টারগুলো—প্রায় ২ কোটি ৫৭ লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেছে। ৬০ লাখ জনসংখ্যার দেশ ডেনমার্কের পুরো এক বছরের কার্বন দূষণের সমান এই পরিমাণ, এবং ২০১৮ সালে হাইপারস্কেল নিঃসরণ নিয়ে আগের প্রাক্কলনের চেয়ে প্রায় দুই থেকে তিন গুণ বেশি।
‘নেচার সাসটেইনেবিলিটি’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, এই ডেটা সেন্টারগুলো যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১.৮ শতাংশের জন্য দায়ী।
গবেষকেরা বলেছেন, ভার্জিনিয়া, ওরেগন, ওহাইও ও আইওয়ার মতো অঙ্গরাজ্যকেন্দ্রিক এই বিপুল বিদ্যুৎ চাহিদার হিসাব প্রায় নিশ্চিতভাবেই রক্ষণশীল প্রাক্কলন। গবেষণায় ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের নিঃসরণ নির্ধারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তথ্য ব্যবহার করা হয়েছে; এর পর থেকে ডেটা সেন্টারের সম্প্রসারণ আরও ত্বরান্বিত হয়েছে।
গবেষণাটির সহলেখক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জীবপরিসংখ্যানের অধ্যাপক ফ্রান্সেসকা দোমিনিচি বলেন, ডেটা সেন্টারের বিস্ফোরণ ঘটেছে এবং এগুলোর কার্বন নিঃসরণ যথেষ্ট বড়। ২০২৫ সালের পর আরও অনেক ডেটা সেন্টার হয়েছে, তাই এই মাত্রার নিঃসরণকে ন্যূনতম সীমা হিসেবে দেখতে হবে বলে তিনি উল্লেখ করেন। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন জিয়ানলুকা গুইদি।
ডেটা সেন্টার বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। গবেষণার প্রাক্কলন অনুযায়ী, হাইপারস্কেল গোষ্ঠী ওই এক বছরে ৬৮ থেকে ৯৯ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করেছে এবং এই চাহিদা মেটাতে বেশির ভাগ ক্ষেত্রেই তুলনামূলক বেশি দূষণকারী বিদ্যুৎ উৎসের ওপর নির্ভর করেছে।
হাইপারস্কেলারদের ব্যবহৃত বিদ্যুতের অর্ধেকের বেশি এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে। এআইয়ের প্রবৃদ্ধির পেছনে নতুন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বাড়ছে—কখনো কখনো ডেটা সেন্টারের স্থানেই নির্মিত হচ্ছে—এবং সৌর ও বায়ুর মতো স্থাপিত নবায়নযোগ্য শক্তির বদলে সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে গবেষণায় বলা হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু উপদেষ্টা জিনা ম্যাকার্থি বলেছেন, বেশির ভাগ হাইপারস্কেল ডেটা সেন্টার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল—এতে তিনি বিস্মিত নন; এই গবেষণা ডেটা সেন্টারের প্রভাব মূল্যায়নে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলেও তিনি মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নিয়ে স্থানীয় পর্যায়ে দ্বিদলীয় বিরোধিতাও বাড়ছে। টেনেসির বৃহত্তর মেমফিস অঞ্চলে ডেটা সেন্টারের একটি গুচ্ছ নিয়ে প্রতিবাদ ও মামলা হয়েছে—এগুলো ইলন মাস্কের এআই উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে; শব্দ ও বায়ুদূষণ নিয়ে অভিযোগের পর মাস্কের এআই কোম্পানি আশপাশের বাসিন্দাদের বাড়ি কিনে নেওয়ার মাধ্যমে সাড়া দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই শিল্পের প্রকাশ্য সমর্থক; তিনি বলেছেন, ডেটা সেন্টারের প্রবৃদ্ধির বিরোধিতা যারা করবে, তারা শেষ পর্যন্ত ‘পিছিয়ে ও দরিদ্র’ হয়ে পড়বে।




