ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান-কবিতা-নৃত্যে নবান্ন উৎসব ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সোমবার গান, কবিতা আর নৃত্যের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নবান্ন উৎসব ১৪৩৩’। সাংস্কৃতিক সংগঠন আবর্তন এই উৎসবের আয়োজন করে।
উৎসবে শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। পরিবেশনায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও বাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। বাংলার শিকড়ের গল্প, গ্রামীণ জীবনের সৌন্দর্য ও লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ উৎসবের মঞ্চে উঠে আসে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে এবং এসব সংস্কৃতি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর গ্রামগঞ্জে ও বিভিন্ন অঞ্চলে এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা চলে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, যাঁরা এই আয়োজন করেছেন, তাঁরা সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা করছেন। এটিকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নানা ভাষাভাষী জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এসব সংস্কৃতিকে বিকশিত করতে এবং দেশের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে কাজ করছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে দীর্ঘ সময়ব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, সাহিত্য, গ্রামীণ সংস্কৃতি, বই পড়া, গ্রন্থাগার ও প্রত্নতত্ত্বসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্র স্থান পাবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড একবার আয়োজন করে থেমে গেলে চলে না, ধারাবাহিকভাবে কাজ করে যেতে হয়। তাতে সংস্কৃতি বিকশিত হয় এবং শিকড় ক্রমেই গভীরে প্রোথিত হয় বলে তিনি মন্তব্য করেন।
একই দিনে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘আদি নববর্ষ ও নবান্ন মেলা’র আয়োজন করে। বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মেলার স্লোগান ছিল ‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন’।


