সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে বনানীতে ট্রিবিউট কনসার্ট ২০ নভেম্বর, গাইবেন চার শিল্পী

সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।
আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।
কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।
২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, আজব কারখানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই কনসার্ট।
ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে যোগাযোগ করে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে বিকাশের মাধ্যমে মেক পেমেন্ট করে টিকিট কেনা যাবে।


