…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

যুদ্ধ না করেই ন্যাটো ভাঙার কৌশলে রাশিয়া: দেশে দেশে আলাদা চুক্তির প্রস্তাব মস্কোর

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ না করেই ন্যাটো ভাঙার কৌশলে রাশিয়া: দেশে দেশে আলাদা চুক্তির প্রস্তাব মস্কোর
ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর হলুখিভের একটি ছোট বাড়িতে রাশিয়ার একটি ড্রোন আঘাত হানলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৯ বছর বয়সী এক শিশু ও তার দাদি। গত শনিবার তাঁদের উদ্ধারে পৌঁছান ইউক্রেনের দুই পুলিশ কর্মকর্তা; ধ্বংসস্তূপ থেকে দুজনকে বের করে নিজেদের গাড়িতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পথে সেই গাড়িতেও আঘাত হানে রুশ ড্রোন।

হামলায় পুলিশ কর্মকর্তা মিকোলা সাভচেঙ্কো নিহত হন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার সময় ওই পুলিশ কর্মকর্তা নিজের শরীরকে ঢাল বানিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই লক্ষ্যবস্তুতে পরপর দুবার রুশ হামলা ইউক্রেনের প্রায় প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা রাশিয়ার সাম্প্রতিক তৎপরতার একটি প্রতীকও; মস্কো এখন শুধু ইউক্রেন নয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

বাইরে থেকে মনে হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সর্বশেষ গত সপ্তাহে আরব আমিরাতের আবুধাবিতে মস্কো-কিয়েভ-ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে; সেখানে রুশ কূটনীতিকেরা এমন সব দাবি তুলেছেন, যেগুলো ইউক্রেনের জন্য মেনে নেওয়া সহজ নয়।

কিয়েভ সম্প্রতি একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল, তবে মস্কো এখনো সেই প্রস্তাবে রাজি হয়নি। প্রস্তাবটিতে যুদ্ধের বর্তমান সম্মুখসারিতে দুই পক্ষের লড়াই বন্ধ রাখার কথা বলা হয়েছে। ইউক্রেনের এমন প্রস্তাবের কারণও আছে: রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন ভূপাতিত করার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউক্রেনের হাতে নেই।

বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন এমন কিছু দাবি সামনে এনেছে, যেগুলো মেনে নেওয়া হলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়তে পারে। সংবাদমাধ্যমের হাতে আসা গোপন নথি অনুযায়ী, রাশিয়া চায় সামরিক জোট ন্যাটো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করুক; একই সঙ্গে জোটটির আকার আর বড় না করার প্রতিশ্রুতি দিক।

পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলাদা চুক্তি করতে চায় মস্কো—এটি ভিন্ন এক কৌশল। ওই চুক্তি অনুযায়ী, একে অপরের ওপর আগ্রাসন চালানো যাবে না। রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া বা ফিনল্যান্ডের কাছে এ চুক্তি আকর্ষণীয় মনে হতে পারে। আবুধাবিতে আলোচনার পর রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন বলেছিলেন, এ ধরনের চুক্তি ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গেও করা যেতে পারে।

ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গে এমন চুক্তি হলে তারা মস্কোর কাছ থেকে অতিরিক্ত কিছু নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারে; কিন্তু একের পর এক দেশের সঙ্গে এ ধরনের চুক্তি কার্যকর হলে ন্যাটোর মূল নীতিটিই অকার্যকর হয়ে পড়তে পারে। সেই নীতি অনুযায়ী, জোটের ৩২টি সদস্যদেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বরিস বোন্দারেভ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে চাকরি ছেড়েছিলেন। তিনি বলেন, এ ধরনের চুক্তি হলে 'ন্যাটো ভেঙে পড়বে'; তখন ইউরোপের দেশগুলোকে ন্যাটোর বাইরে গিয়ে আলাদাভাবে রাশিয়ার মুখোমুখি হতে হবে।

বোন্দারেভ বলেন, এমন চুক্তির মাধ্যমে 'ইউরোপ কোনো গুলি ছোড়া ছাড়াই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের প্রতিরক্ষায় একজন সেনাও হারাতে হবে না, একটি গোলাও খরচ হবে না। এ ধরনের চুক্তি যে ইউরোপের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা, তা একেবারেই স্পষ্ট। ইউরোপের ঐক্য এমনিতেই নানা টানাপোড়েনের মধ্যে রয়েছে। একই সঙ্গে ন্যাটোর ঐক্যও দুর্বল করার চেষ্টা এটি।'

রাশিয়ার এসব দাবি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাছে তুলে ধরা হয়েছে; তবে ইউরোপীয় নেতাদের কাছে উপস্থাপন করা হয়নি। বোন্দারেভের মতে, এ চুক্তিতে এমন শর্ত থাকতে পারে, যার ফলে স্বাক্ষরকারী দেশ অন্য ইউরোপীয় দেশকে সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে জড়াতে পারবে না; ফলে মস্কোর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে রাশিয়ার এসব দাবি অবাস্তব মনে হচ্ছে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'অন্য এক বাস্তবতায় বাস করেন'। এর কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে কী চায়, তা কেউই ঠিকমতো বুঝতে পারছে না।

আবুধাবি আলোচনা কতটা কঠিন ছিল, তা তুলে ধরেছেন ইউক্রেনের একজন শীর্ষ আলোচকও। ২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে প্রতিটি আলোচনায় অংশ নেওয়া দাভিদ আরাখামিয়া বুধবার বলেন, এবারের আলোচনা ছিল অন্যতম জটিল; তাঁর মনে হয়েছে, রুশ প্রতিনিধিরা খুব কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন, ফলে আলোচনায় অগ্রগতি সত্যিই কঠিন হয়ে পড়েছিল।

ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেন এরই মধ্যে বলেছেন, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনকে দেওয়া ফ্রান্সের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দেবেন। অন্যদিকে বাজেট, ঋণ ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিতর্কের জেরে জার্মানির ক্ষমতাসীন জোট ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ তৈরি হতে পারে ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি); দলটি ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করতে চায়, পাশাপাশি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে।

কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশচ বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যদি একই অবস্থান নেয়, তাহলে এর বিরুদ্ধে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে একটা ভারসাম্য রেখে চলার যে সুযোগ এখনো আমাদের রয়েছে, সেটিও হারিয়ে যাবে।'

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু
ইউরোপ

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো একটি বার্তা জরুরি ভিত্তিতে তদন্ত করছে কর্তৃপক্ষ। বা…

ইউরোপ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের দেশজুড়ে ধর্মঘট, প্যারিসে বড় সমাবেশ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে ইউনিয়নগুলোর ডাকা দেশজুড়ে ধর্মঘটে মঙ্গলবার সরকারি খাতের কর্মীরা বিক্ষোভে নেমেছেন। জীবনযাত্রার মান ও চাপে থাকা সরকারি সেব…

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা
ইউরোপ

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা

সার্বিয়ার জাতীয় সংসদে মঙ্গলবার আসন গ্রহণ করেছেন শিক্ষার্থী-সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’-এর আইনপ্রণেতারা। সংসদ ভবনে প্রবেশের সময় শত শত সমর্থক তাঁদের উল…

ইউরোপ

পোল্যান্ডে চিকিৎসককে আটকে রাখার অভিযোগে কট্টর ডানপন্থী আইনপ্রণেতা ব্রাউনের বিরুদ্ধে মামলা

পোল্যান্ডের কট্টর ডানপন্থী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য গ্রেগর্জ ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটরেরা। গর্ভপাত করা এক চিকিৎসককে তিনি…