ঝুলে আছে চিড়িয়াখানা আধুনিকায়নের মহাপরিকল্পনা, প্রথম ধাপে ৩৩৩ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে

দেশের চিড়িয়াখানা আধুনিকায়নে সাড়ে চার বছর আগে তৈরি মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন হয়নি; তা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বড় প্রকল্পের বদলে ছোট প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।
প্রথম পর্যায়ে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
জানা গেছে, দর্শনার্থী আকৃষ্ট করতে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকার জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার এই মহাপরিকল্পনা তৈরি করে। এটি তৈরিতে ব্যয় হয় ৩৪ কোটি টাকা। মহাপরিকল্পনাটি প্রণয়ন করে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস এবং বাংলাদেশি প্রতিষ্ঠান দেশ উপদেশ। এটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় প্রায় দেড় হাজার কোটি টাকা।
মহাপরিকল্পনায় জাতীয় চিড়িয়াখানার প্রাণীদের খাঁচামুক্ত পরিবেশে রাখার পরিকল্পনা নেওয়া হয়। প্রায় ৭৭ হেক্টর জায়গায় ২২৩ প্রজাতির প্রাণীর স্থান পাওয়ার কথা—এর মধ্যে দেশীয় ১০২ প্রজাতি, গ্রীষ্মমণ্ডলীয় ৬৬ প্রজাতি, আফ্রিকার ৪০ প্রজাতি ও ১৫ প্রজাতির নিশাচর প্রাণী, আর শিশুদের অ্যাকটিভ জোনে আরও ১০ প্রজাতি। মোট পাঁচটি হ্যাবিটেট থাকবে।
‘বাংলাদেশ হ্যাবিটেট’ জোনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭ দশমিক ৬৮ হেক্টর জমি, যা সাজানো হবে সুন্দরবনের মতো শ্বাসমূলীয় বাদাবনের আদলে। জলাভূমির মাঝে মাঝে থাকবে বিভিন্ন প্রাণীর আবাসস্থল—সেখানে থাকবে ২৬ প্রজাতির মাছ, ৯ প্রজাতির সরীসৃপ, ৫৪ প্রজাতির পাখি ও ১২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। মহাপরিকল্পনায় পাঁচটি নতুন হাঁটার পথ, দুটি ট্রাম রুট ও নৌকা চলাচলের দুটি রুট তৈরির কথাও রয়েছে।
মহাপরিকল্পনা বাস্তবায়নে আগের সরকারের আমলে একাধিকবার প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হলেও কোনো প্রকল্প নেওয়া হয়নি।
চিড়িয়াখানাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমান সরকার প্রথম পর্যায়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভেবেছিল। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখা জানায়, ‘জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প (প্রথম পর্যায়)’ নামে প্রস্তাবটি মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে; এটি পিইসি সভার জন্য অপেক্ষমাণ এবং কমিশনের সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। ৩৩৩ কোটি টাকার এই প্রকল্পে রংপুর চিড়িয়াখানার জন্য খরচ হবে ১৮৬ কোটি টাকা, বাকি অর্থ ব্যয় হবে জাতীয় চিড়িয়াখানায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ বজলুর রহমান বলেন, মহাপরিকল্পনায় পাঁচটি হ্যাবিটেটের কথা থাকলেও প্রস্তাবিত প্রকল্পে ‘বাংলাদেশ’ নামের একটি হ্যাবিটেট বাস্তবায়ন করা হবে। চিড়িয়াখানার উত্তর পাশে প্রস্তাবিত ১৮ হেক্টর জায়গায় এই হ্যাবিটেটে দেশের ১০২ প্রজাতির প্রাণীর আবাসস্থল থাকবে, শেড থাকবে ২১টি এবং প্রাণীরা থাকবে প্রাকৃতিক পরিবেশে। রংপুর চিড়িয়াখানায় মূলত অবকাঠামো উন্নয়ন বেশি হবে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি আগামী জানুয়ারিতে শুরু হতে পারে।
তবে চিড়িয়াখানা বিশেষজ্ঞরা বলছেন, ছোট-বড় প্রকল্প বাস্তবায়িত হলেও বন্য প্রাণী বিশেষজ্ঞদের চিড়িয়াখানা ব্যবস্থাপনায় যুক্ত না করলে ইতিবাচক পরিবর্তন আসবে না। মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক হিসেবে যুক্ত বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আলী রেজা খান বলেন, ন্যূনতম অভিজ্ঞতা ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর কীভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে।
এদিকে জাতীয় চিড়িয়াখানায় আইন লঙ্ঘন করে ১০টি প্রাণীকে সঙ্গীহীন রাখা হয়েছে। প্রাণীগুলো হচ্ছে গন্ডার, চিত্রা হায়েনা, ডোরাকাটা হায়েনা, ক্যাঙারু, ইন্ডিয়ান সারস ক্রেন, উল্লুক, কুলু বানর, আফ্রিকান সাদা সিংহ, হামাদ্রিয়াস বেবুন ও ক্যাসোয়ারি পাখি। এর কোনোটি প্রায় দেড় দশক ধরে নিঃসঙ্গ রয়েছে। ‘চিড়িয়াখানা আইন, ২০২৩’ অনুযায়ী, ভেটেরিনারি কর্মকর্তার লিখিত বা সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া কোনো প্রাণীকে দলবদ্ধ বা স্বাভাবিক পরিবেশ থেকে আলাদা করে একা রাখা যায় না।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম বলেন, চিড়িয়াখানায় কী কী প্রাণী কেনা হবে, তার একটি তালিকা সরকার অনুমোদন দিয়েছে; সেখানে নিঃসঙ্গ প্রাণীদের জন্য সঙ্গী আনার বিষয়টিও রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে হায়েনা ও উল্লুক কেনার পরিকল্পনা রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, সরকার ধাপে ধাপে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রথম পর্যায়ে রংপুর চিড়িয়াখানার অবকাঠামো উন্নয়ন ও ঢাকার জাতীয় চিড়িয়াখানার ‘বাংলাদেশ পার্ট’ বাস্তবায়ন করা হবে। মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দর্শনার্থীরা চিড়িয়াখানায় নতুনত্বের ছোঁয়া পাবেন।




