ময়মনসিংহে ৩২ ঘণ্টা ধরে হাসপাতালের লাশঘরে মেহেদীর মরদেহ, নিতে আসেননি স্বজনেরা

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩২ ঘণ্টা ধরে পড়ে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মরদেহ নিতে আসেননি পরিবারের কোনো সদস্য।
মেহেদী হাসানের বাড়ি নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের সামনেই তাঁকে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে পিটিয়ে হত্যা করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
হাসপাতালের লাশ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন লাশঘরে এসেছিলেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। তাঁদের থানায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হলেও পরে তাঁরা আর যাননি।
আমিনুল ইসলাম বলেন, ওই তিনজন নিজেদের নাম-পরিচয় কিংবা ফোন নম্বরও দেননি। ফলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এগোয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ। তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। স্বজনেরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে।
এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুই হত্যাকাণ্ডের ঘটনায় আজ সকাল ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আবদুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন নিয়ে এলে মামলা গ্রহণ করা হবে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মেহেদী হাসানের বড় ভাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুরুজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


