ময়মনসিংহে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী মীম, বললেন আপাতত মামলা করবেন না

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে হত্যার অভিযোগে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর হাসপাতালের লাশঘর থেকে নিয়ে গেছেন তাঁর স্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর কাছে মরদেহ হস্তান্তর করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদীর স্ত্রী মীম আক্তারের নিরাপত্তা নিশ্চিত করে মরদেহ তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত মেহেদী হাসান নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম একই ওয়ার্ডের যুবলীগ কমিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান (৩৫)। পরে রাত ১টার দিকে উত্তেজিত লোকজন মেহেদীদের বাড়িতে আগুন দেন এবং মেহেদীকে পিটুনি দেন।
গত সোমবার ভোরে মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে ছিল।
মেহেদীর স্ত্রী মীম আক্তার বলেন, মরদেহ নিয়ে তিনি তাঁর নানাবাড়ি মাসকান্দা গণসার মোড় এলাকায় এসেছেন। নিজের গ্রামে কবর দিতে চাইলেও পুলিশ মরদেহ নিয়ে মধ্য বাড়েরা এলাকায় নিতে দিচ্ছে না বলে তিনি জানান।
মীম আক্তারের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই রুহুল আমিন বলেন, মরদেহ কোথাও নিতে বাধা দেওয়া হয়নি। তবে মেহেদীর মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে গেলে ঝামেলা হতে পারে বলে খবর থাকায় স্বজনদের সতর্ক করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, গতকাল সন্ধ্যায় মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও অজ্ঞাতনামা একজন মরদেহ নিতে এসেছিলেন, তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। আজ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ এবং তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। স্বজনেরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছিল।
মামলার বিষয়ে জানতে চাইলে মীম আক্তার বলেন, ‘আমরা আপাতত মামলা করব না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ওসি মুহাম্মদ শিবারুল ইসলাম বলেন, সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে মেহেদী হত্যার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুরুজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও উপাদানে উল্লেখ করা হয়েছে।


