সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি বলেন, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, আটক সদস্যের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিছনাকান্দি বিওপির ক্যাম্পে আছে।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।




