ঢাকার উত্তরায় জসীমউদ্দীন সড়কে নিজ পরিবহনের বাসের ধাক্কায় চেকার মশিউর রহমান হাসানের মৃত্যু

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বাসের ধাক্কায় মশিউর রহমান হাসান (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি তানজিল পরিবহনের বাসের চেকার ছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসীমউদ্দীন সড়কে তানজিল বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে তিনি একটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছিলেন। এ সময় ওই বাসই তাঁকে ধাক্কা দেয়।
ধাক্কায় হাসান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দুপুর দেড়টায় হাসানকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া মশিউর রহমান হাসানের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামে। তিনি মিরপুর-১ নম্বর সেকশনের ই ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানা-পুলিশকে জানানো হয়েছে।




