মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণ আত্মসাৎ মামলায় সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন কারাগারে, রায় ৩০ নভেম্বর

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আলোচিত এই মামলায় এদিন অধিকতর যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ৩৬ আসামির মধ্যে মঙ্গলবার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ পাঁচজনের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে কারাগারে পাঠানো অন্য চার আসামির নাম তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুহুল আমিন কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই সময় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালের নভেম্বরে এই জমির ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়।
অভিযোগ রয়েছে, ওই সময় ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়।
এ ঘটনায় মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ২০ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে দুদক তদন্ত শুরু করে।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করেন। এ ছাড়া আরও ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেক ইস্যু করার তথ্যও এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন জানান, আলোচিত এই মামলায় ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।




